কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংসদীয় গণতন্ত্রের বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করা হয়। গতকাল জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, গত ২০ নভেম্বর যুক্তরাজ্য পার্লামেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএ'র চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ, সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ জোরদারের বিষয়ে আলোচনা হয়। চিফ হুইপ বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ণ রেখে বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ জাতীয় সংসদ। বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ সাধন এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।