ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য গবেষণাবিষয়ক সেমিনার

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) সহযোগিতায় দুটি গুরুত্বপূর্ণ গবেষণা সম্পন্ন করেছে। গত ২১ নভেম্বর আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজের কাজী রফিকুল আলম অডিটোরিয়ামে এসব গবেষণার ফলাফল পর্যালোচনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গবেষণা দুটি হলো— বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় পরিচালিত HPV Coverage Evaluation Survey 2025 এবং নিপোর্টের সহযোগিতায় Assessment for Health Workforce Preparedness for Effective Management of Pandemic Diseases. সেমিনারে গবেষণার ফলাফল উপস্থাপন করেন যথাক্রমে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি-এর পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ নাজমুল হুদা। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. ইকবাল হোসেন এবং আহ্ছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল্লাহ-আল-মামুন (অব.)। সেমিনারে উপস্থাপনা করেন স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সহকারী পরিচালক ডা. নায়লা পারভীন এবং স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মো. মোখলেছুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি (কর্মসূচি) ড. এস এম খলিলুর রহমান। তিনি বলেন, জরায়ুমুখ ক্যান্সারে দেশে প্রতিবছর প্রায় পাঁচ হাজার নারী মারা যান। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের মধ্যে এইচপিভি টিকাদানের আওতা মূল্যায়নেই প্রথম গবেষণাটি পরিচালিত হয়। অন্য গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ মহামারিতে ৯ হাজার ৪০০-এর বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত এবং ১৮৬ জন চিকিৎসক মারা যান। দেশের আট বিভাগের স্বাস্থ্যকর্মীদের ওপর পরিচালিত জরিপে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও মাঠপর্যায়ের কর্মীদের প্রস্তুতি এবং চিকিৎসাসামগ্রীর ঘাটতি চিহ্নিত হয়েছে।