মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, নিহত ১
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সেলিম নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের সময় সাঁতরে নদী পার হতে গিয়ে মেঘনায় নিখোঁজ হয়েছেন আলমগীর দেওয়ান নামে আরও এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। নিহত সেলিম চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এর জেরে আজ ভোরে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এলাকার আধিপাত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের সময় সাঁতার কেটে মেঘনা নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে মাঝ নদীতে নিখোঁজ হয়েছেন আলমগীর দেওয়ান নামে এক ব্যক্তি। তার সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
