'কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোরব্যবস্থা'
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, 'আনফিট' কর্মীকে 'ফিট' দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে। গতকাল শুক্রবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, সম্পূর্ণ বিনা খরচে গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল যাবে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে 'ল ফার্ম' গঠনের কাজ চলছে।
মন্ত্রী জানান, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, প্রত্যেক নিহত প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। এরইমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
