৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

টানা ৩১ দিনের চেষ্টার পর কক্সবাজারের ইনানী এলাকার গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। গতকাল শুক্রবার সকালে বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় এখন কূপটিকে নিরাপদ করার পাশাপাশি নতুন করে গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

বাপেক্সের কর্মকর্তারা জানান, এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কারিগরি কার্যক্রম। কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়। এতে কূপের মুখে গ্যাসের চাপ কমে আসে এবং ধীরে ধীরে আগুন নিভে যায়। এ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন শুরু হচ্ছে কূপটির পরবর্তী কারিগরি কার্যক্রম। বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, কূপের গভীরতা বিবেচনায় ড্রিল পাইপ পুনরায় প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় কূপের ভেতরে প্রয়োজনীয় ড্রিলিং মাড ব্যবহার করা হবে, যা ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এক হাজার ফুট পর্যন্ত খনন সম্পন্ন হলে কূপটির ফরমেশন প্রেসার বা ভূগর্ভস্থ চাপের ভারসাম্য প্রতিষ্ঠার কাজ করা হবে। এরপর প্রয়োজনীয় মাড ব্যবহার করে ভূগর্ভ থেকে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম সফল হলে কূপটিকে নিরাপদ অবস্থায় নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করছেন তারা। বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বলেন, কেসিং স্থাপন এবং ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এখন ধাপে ধাপে কূপটিকে নিরাপদ করে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য প্রস্তুত করা হবে। তিনি আরও জানান, কূপটি সম্পূর্ণ নিরাপদ হওয়ার পর এলাকায় নতুন করে জিওলজিক্যাল সার্ভে ও সিসমিক সার্ভে পরিচালনা করা হবে। এসব জরিপের তথ্য বিশ্লেষণ করে ওই এলাকায় বাণিজ্যিকভাবে গ্যাসের মজুত রয়েছে কিনা, তা মূল্যায়ন করা হবে। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতেই ভবিষ্যতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাস লাইনের মাধ্যমে বের হওয়া গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা দুটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার মাধ্যমে গ্যাসের রাসায়নিক গঠন, উপাদান ও গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি গ্যাসটির সম্ভাব্য বাণিজ্যিক মূল্যায়নেও এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।