জাতি ঐক্যবদ্ধ, পতিত স্বৈরাচারের ফেরার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। তাদের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মাদরাসার ৫৩তম বার্ষিক মাহ্ফিল ও ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরাধীনতাকামী ও সেবাদাস কোনো পতিত শক্তি রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে দেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে অবস্থান নেবে। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চায় বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন আদর্শ ও মত থাকবে। তর্ক-বিতর্কও হবে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা আবারও প্রতিষ্ঠা করতে হবে। সেই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। শিল্পাঞ্চলের পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকার মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করে দিয়েছে। এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের চিহ্নিত করা হয়েছে। আইনানুগ পন্থায় তাদের মোকাবিলা করা হবে। শাপলা চত্বর ও বায়তুল মোকাররমে আলেম ও মাদরাসাশিক্ষার্থীদের হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।