১২ বছরে পরিশোধ ও হার কমাতে উদ্যোগ

চামড়া শিল্পে ঋণে সুদ মওকুফ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

হাজারীবাগ থেকে সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর ট্যানারি মালিকদের গভীর আর্থিক সংকট মুখোমুখি। এমন অবস্থায় চামড়া খাতের প্রধান সংগঠনগুলো সরকারের কাছে ঋণ সুদ মওকুফসহ ১২ বছরে পরিশোধ ও সুদহার কমানোসহ বেশকিছু সুবিধা চেয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত সব ধরনের ঋণের ওপর আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ অথবা সুদমুক্ত ঋণ সুবিধাসহ ২ বছর গ্রেস পিরিয়ড দিয়ে মোট ১২ বছরে পরিশোধের সুযোগ দেওয়া, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বকেয়া ঋণের একটি অংশ মওকুফ করে ঋণ পুনর্নির্ধারণ করা, তফসিলভুক্ত ব্যাংকে ঋণের সুদের হার বর্তমান ১৩.৫% থেকে কমানো এবং অনাদায়ি ঋণ আদায়/সমন্বয়ের আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বাড়ানো উল্লেখযোগ্য।

শিল্প মন্ত্রণালয়ে সম্প্রতি অনুষ্ঠিত সভায় চামড়া শিল্পের সংগঠনগুলো জোরালো দাবি জানিয়েছে। সভায় বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), ফুটওয়্যার লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএলএক্সএ) এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সভায় উপস্থিত সংগঠনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পরিবেশ দূষণের কারণে সরকার ২০১৭ সালের দিকে হাজারীবাগ থেকে সাভার চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। দীর্ঘ সময় ধরে চলা এ স্থানান্তর প্রক্রিয়ার কারণে অনেক ট্যানারি মালিক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। নতুন স্থানে কারখানা স্থাপন, যন্ত্রপাতি স্থানান্তর, পরিবেশবান্ধব প্রযুক্তি স্থাপন এবং উৎপাদন ব্যাহত হওয়ার কারণে মালিকদের ওপর ঋণের বোঝা বাড়ছে। অনেক ট্যানারি মালিক ব্যাংকের কিস্তি পরিশোধে ব্যর্থ হন এবং সুদের বোঝা দিন দিন বাড়তে থাকে।