
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম মন্তব্য করেছেন, ব্যবসায়ীদের ব্যবসায়-বাণিজ্যে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছেÑ দুর্নীতি, অদক্ষ প্রশাসন ও সীমিত বিনিয়োগ। সিপিডির এক মতামত জরিপে এমনটা জানিয়েছেন দেশের ব্যবসায়ীরা। খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘ব্যবসায়ীরা বলেছেন, করোনা মহামারির কারণে তাদের ব্যবসা পুনরুদ্ধারে আরও ৩ বছর লাগবে। অর্থনৈতিক পুনরুদ্ধারে ব্যবসায়ীরা ফিরে এসেছেনÑ এটা বলা যাবে না।’ গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জরিপের ফল প্রকাশ করে সিপিডি।
এ অনুষ্ঠানে ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ ২০২১ উদ্যোক্তা মতামত জরিপ’ শীর্ষক এ গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
জরিপে উঠে এসেছেÑ ব্যবসা করতে গিয়ে দুর্নীতিকেই প্রধান বাধা হিসেবে দেখছেন দেশের ব্যবসায়ীরা। ১৬টি সমস্যার মধ্যে দুর্নীতিকে তারা রেখেছেন ১ নম্বরে। দ্বিতীয় সমস্যা হিসেবে অদক্ষ প্রশাসনের কথা বলেছেন তারা। তৃতীয় হলো অর্থায়নের সীমিত সুযোগ। সিপিডি জানিয়েছে, জরিপের সময়কাল ছিল গত বছরের এপ্রিল থেকে জুলাই। দেশের ৭৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর চালানো হয়েছে এ জরিপ। যাদের মূলধন ১০ কোটি টাকার ওপর শুধু ওই ব্যবসায়ীরাই এতে অংশ নিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুর এলাকায় অবস্থিত কৃষি, সেবা ও ম্যানুফ্যাকচারিং খাতের ব্যবসায়ীদের কাছ থেকে ১০টি সূচকের ওপর ভিত্তি করে জরিপ পরিচালনা করা হয়।
ফলাফলে আরও দেখা গেছে, ৬৮ শতাংশ ব্যবসায়ীই প্রধান প্রতিবন্ধকতা হিসেবে বলেছেন নানা ধরনের দুর্নীতির কথা। লাইসেন্স, কর এবং বিভিন্ন পরিষেবার জন্য আর্থিক লেনদেনে যেতে হয় তাদের। ৬৭ শতাংশ ব্যবসায়ী তাদের ব্যবসার পথে অদক্ষ আমলাতন্ত্রকে দায়ী করেছেন। টাকা পাওয়ার সুযোগ সীমিত থাকার কথা বলেছেন ৫৫ শতাংশ ব্যবসায়ী। এরপর আছে অপর্যাপ্ত অবকাঠামো, ঘন ঘন নীতি বদল ইত্যাদি। জরিপে ২৮ শতাংশ ব্যবসায়ী বলেছেন, করোনার প্রভাবে তাদের খরচ কমাতে হচ্ছে। খরচ কমাতে গিয়ে শ্রমিক ছাঁটাই করতে হচ্ছে। সামনের ১০ বছরে দেশে নতুন কী কী ব্যবসা উঠে আসবে, তারও একটি ধারণা পাওয়া গেছে জরিপে। দেখা গেছে, ৬৭ শতাংশ বলেছেন, ডিজিটাল আর্থিক সেবা আরও বিকশিত হবে। দক্ষ মানবসম্পদ খাতকে দ্বিতীয় অবস্থানে রেখেছেন ব্যবসায়ীরা। তৃতীয় অবস্থানে আছে ডেটা ম্যানেজমেন্ট। ২০২০ সালেও ব্যবসার পরিবেশ নিয়ে জরিপ করেছিল সিপিডি। তখন ব্যবসা করার ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে উঠে এসেছিল অদক্ষ প্রশাসন। ওই সময় ব্যবসায়ীরা দুর্নীতিকে দ্বিতীয় ও অর্থায়নের সীমাবদ্ধতাকে রেখেছিলেন তৃতীয় অবস্থানে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ব্যবসায় দীর্ঘমেয়াদে আশঙ্কা : মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র যেভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে, এ নিয়ে জটিলতা দেখা দিলে ব্যবসায় দীর্ঘমেয়াদে আশঙ্কা তৈরি হবে বলে অনুষ্ঠানে মন্তব্য করে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। করোনার পর অর্থনৈতিক পুনরুদ্ধার হচ্ছে এটা ঠিক, কিন্তু সেটা অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না। এক ধরনের বৈষম্যমূলক পুনরুদ্ধার হচ্ছে। বিষয়টি সরকারের নীতিকাঠামোতে নিয়ে চিন্তা করতে হবে।