ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

পড়াশোনার পাশাপাশি মুরগির খামারে আপনের বাজিমাত

পড়াশোনার পাশাপাশি মুরগির খামারে আপনের বাজিমাত

সাজ্জাদুল ইসলাম আপনের (২০) জন্ম ও বেড়ে ওঠা বগুড়ার গাবতলীতে। বাবা মো আবদুল কাইয়ুম তরফদার একজন স্টেশনারি ব্যবসায়ী ও মা মোছা. স্বপ্না বেগম গৃহিণী। মেধাবী ছাত্র আপন বগুড়া জিলা স্কুল থেকে ২০১৭ সালে জিপিএ-৫ পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হন। আপন পড়াশোনার পাশাপাশি অনলাইনে মুরগির ব্যবসা করেন। ফেইসবুকে শখের মুরগিওয়ালা পেজ খুলে তার পথচলা শুরু। অনলাইনেই মুরগি বেঁচে আপন মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করেন। এ দিয়ে তার পড়ালেখার পাশাপাশি পরিবারকেও সাহায্য করেন। আপন পাখি ও কবুতর পুষতেন, তাই এই সম্পর্কিত ফেইসবুক গ্রুপে যুক্ত ছিলেন। তিনি কিছু বিদেশি জাতের মুরগি ফেইসবুকে দেখতে পান। এগুলো তখন তার খুব ভালোলাগে। গ্রুপ থেকে জানতে পারেন এগুলো সিল্কি মুরগি। তিনি বলেন, ‘এমন সময় আমি আমার আম্মুর কাছ থেকে টাকা চাই- আম্মু আমাকে ১ হাজার টাকা দাও। আমি কিছু মুরগির বাচ্চা কিনব। আম্মু কিছু চিন্তা না করেই আমাকে ওই টাকাটা দিয়ে সাহায্য করেন। বগুড়ার আতাউস সামাদ রাহুল নামের একজনের বাসায় গিয়ে ১ হাজার টাকা দিয়ে দুটি ১ মাসের সিল্কি মুরগির বাচ্চা সংগ্রহ করি।’

তিনি জানান, সিল্কি জাতের মুরগির পর ব্রাহামা জাতের মুরগি পালন শুরু করেন আপন। এরপর বেন্তাম, কোচিন, ফাইটারসহ আরও কিছু ডিমের মুরগি সংগ্রহ করেন তিনি। এরপর আপনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন আপনের ছোট্ট খামারটি বিভিন্ন জাতের মুরগিতে ভরে গেছে। মুরগি রাখার আর জায়গা নেই। আপনের খামারে বিশ্বের সবচেয়ে ছোট মুরগি মালয়েশিয়ান শো শেরেমা এবং বিশ্বের সবচেয়ে বড় মুরগি আমেরিকান ব্রাহামা রয়েছে। এগুলো থেকে আপন প্রতিনিয়ত বাচ্চা পাচ্ছেন। আপন খামার থেকে প্রতিদিন ১০ থেকে ১৫টি ডিম ও প্রতি সপ্তাহে ৫০ থেকে ৬০টি বাচ্চা উৎপাদন করে থাকেন, যা থেকে আপন মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করেন। আপন এই বাচ্চা বা বড় মুরগিগুলো এ পর্যন্ত ৫৫টি জেলায় পৌঁছে দিয়েছেন। আপন এরই মধ্যে উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রদর্শনী মেলা থেকে সফল খামারি ও তরুণ উদ্যোক্তা হিসেবে দুটি পুরস্কার পেয়েছেন। আপন তরুণ উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে বলেন, যদি কেউ এসব মুরগি লালন-পালন করতে চায় আমি তাদের বিনা মূল্যে এসব বিদেশি মুরগি পালন সম্পর্কিত সব তথ্য দিয়ে সাহায্য করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত