কোলেস্টেরল কমায় আদা
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২০, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আদাকুচি বা আদাবাটা মশলা হিসেবে আমরা সাধারণত খাবারের স্বাদ বাড়ানোর কাজেই ব্যবহার করে থাকি। রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়ানোয় আদার জুড়ি নেই। কিন্তু আমার অনেকেই জানি না আদা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি আমাদের দেহের সুস্থতার জন্য বিশেষভাবে
উপযোগী। আদা শুধু খাবারে স্বতন্ত্র স্বাদ ও গন্ধই সৃষ্টি করে না বরং সাধারণ ঠান্ডা, কাশি, বদহজম, গলাব্যথা ইত্যাদি রোগ থেকে রক্ষা করে। আদা খাওয়ার রয়েছে দারুণ সব উপকারিতা। চলুন আজ জেনে নেওয়া যাক আদার কিছু ঔষধি গুণাগুণ।
কোলেস্টেরল কমায় : আদা কোলেস্টেরলের স্তরও কমাতে পারে। মাথাব্যথা ও উচ্চ রক্তচাপ থাকলে খেতে পারেন আদার চা। রক্তচাপ স্বাভাবিক হয়ে আসবে। মাথাব্যথারও উপশম হবে।
হজমে সাহায্য করে : আদা হজমের সমস্যা সমাধান করে এবং পেট ব্যথা ও পেট ফাঁপা দূর করতে সহায়তা করে। প্রতিদিন সকালে এক চা চামচ আদার রস পান করলে পুরো দিন পেট ফাঁপা বা বদহজম থেকে মুক্তি পাওয়া যায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে : আদায় উপস্থিত অ্যান্টিডায়াবেটিক উপাদান রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। এক কাপ আদার রস খালি পেটের গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করে।
ব্যথানাশক : আদার রসে ব্যথানাশক উপাদান আছে, যা ব্যথানাশক ওষুধের মতো কাজ করে। সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন আদার রস অথবা পান করে নিতে পারেন। দু’ভাবেই ভালো উপকার পাবেন। দীর্ঘস্থায়ী হাঁটুব্যথার রোগীদের ব্যথা কমাতে এবং শরীরের জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে আদা।
বয়সের ছাপ দূর করে : আদার মধ্যে রয়েছে অ্যান্টিএইজিং উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের টক্সিন দূর করে এবং দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে অনেকটা সময়।
ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে : গবেষণায় জানা যায়, আদার রসে ক্যান্সারনাশক উপাদান থাকে। প্রোস্টেট ক্যান্সার এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সারের ব্যবস্থাপনায় সাহায্য করে আদার রস। তাছাড়া খাবারের পুষ্টি দেহে সঠিকভাবে শোষণ করার ক্ষমতা বাড়ায় আদা। নিয়মিত আদা খেলে পাবেন অফুরন্ত প্রাণশক্তি। কমে যাবে রোগব্যাধি। ভ্রমণের সময় যদি শিশুদের মুখে এক টুকরা আদা দেন দেখবেন বমি ভাব নেই। মাতৃত্বকালীন বমি বমি ভাব কিছুটা হলেও কমায় আদা। নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করেই দেখুন না, শারীরিক অনেক সমস্যার সমাধান পাবেন। ওয়েবসাইট
