দুর্দিন পার হয়ে আমরা আজ সুদিনের দ্বারপ্রান্তে
বললেন মির্জা ফখরুল
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- আমরা রাজনীতি করি এলাকার উন্নয়নের জন্য, রাস্তাঘাট করার জন্য এবং মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেই লক্ষ্যেই রাজনীতি করি। গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিগত সময় আমরা শান্তিতে ছিলাম না। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ১৪-১৫ বছরের দুর্দিন পার হয়ে আমরা আজ সুদিনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। একটি ভালো সম্ভাবনা সামনে দেখা দিয়েছে। তিনি বলেন, দেশে এবার একটি ভালো নির্বাচন হবে। সবাই ভোট দিতে পারবে, ভোট দিয়ে ভালো মানুষকে এবং ভালো দলকে নির্বাচিত করতে পারবে এমন একটি আশা মানুষের মনে জেগেছে। এর আগে অনেকেই ভোটার হয়েছিল, কিন্তু ভোট দিতে পারেনি। গভীর রাতে সব ভোট নিয়ে যাওয়া হয়েছে, ভোট আগেই হয়ে গেছে। এবার সুযোগ এসেছে আমরা ঠিকমতো আমাদের ভোটটা দিতে পারব। মির্জা ফখরুল বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দীর্ঘ দুর্দিন পার করে আজ দেশের মানুষ সুদিনের পথে এগিয়ে আসছে। বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।
নিজের রাজনৈতিক সততার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি মন্ত্রী ছিলাম। কেউ বলতে পারবে না, মন্ত্রী থাকা অবস্থায় আমি কারও কাছে এক কাপ চা খেয়েছি বা দুই টাকা নিয়েছি। নির্বাচনি সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
