দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীকসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, গত রোববার ঢাকা থেকে ১২ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। সেগুলো হলো- মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।

গতকাল সোমবার আরও আট জেলায় ব্যালট পাঠানো হচ্ছে। এগুলো হলো- পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর।

কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে নিরাপত্তার সঙ্গে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে। এগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে।

সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। দুই ভোটের ব্যালট পেপার ছাপাতে মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা। তবে গণভোটের জন্য আলাদা করে ব্যালটের কাগজ কেনা হয়নি। সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের (ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যতীত) জন্য কাগজ কেনা হয়েছিল। আপাতত এসব কাগজই গণভোটের জন্য ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য পরবর্তী সময়ে আবারও কাগজ কেনা হবে বলে জানিয়েছে ইসির বাজেট শাখা। দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। গতকাল সোমবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।

ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন।

এছাড়া ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। বিডি পোস্ট কর্তৃক ১,৮৫৯ টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সারা দেশের ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, গতকাল সোমবার বেলা ১১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন এবং ২৯ হাজার ৩৩৪ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।