বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট করলেন নাহিদ

ঢাকা- ১১

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট করেছেন একই আসনের ১১- দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। হাইকোর্টে চলতি সপ্তাহে রিটের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মুসা। তিনি বলেন, ‘এম এ কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক, সেই তথ্যটি হলফনামায় গোপন করেছেন। দেশের সংবিধান অনুযায়ী, যারা দ্বৈত নাগরিক, তারা সংসদ নির্বাচন করার জন্য অযোগ্য।’ হলফনামায় যে তথ্য গোপন করেছেন, তা নিয়েই নাহিদ ইসলাম রিট আবেদনটি দায়ের করেছেন বলে জানান আইনজীবী জহিরুল। রিটে রুলের পাশাপাশি এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধতায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী জহিরুল। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে গত ৩ জানুয়ারি এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম দলটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক।