প্রযুক্তিবাজার কাঁপাবে এআই

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের বর্তমান ধ্যান-জ্ঞান এখন একটাই- কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। ওপেনএআই, মেটা, মাইক্রোসফট কিংবা গুগল- সব বড় প্রতিষ্ঠানই এখন সেরা প্রতিভা খুঁজে পেতে মরিয়া। শুধু বড় টেক জায়ান্ট নয়, ছোট স্টার্টআপ থেকে শুরু করে সাধারণ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও এখন দক্ষ এআই প্রফেশনালদের খুঁজছে। লিঙ্কডইনের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে প্রযুক্তিনির্ভর চাকরির বাজারে যে পাঁচটি পদ সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে, তার সবগুলোর সঙ্গে জড়িয়ে আছে এআই।

এআই ইঞ্জিনিয়ার : ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে দ্রুততম ক্রমবর্ধমান চাকরির তালিকায় শীর্ষে রয়েছে ‘এআই ইঞ্জিনিয়ার’। রোবটিক সিস্টেম চালানো থেকে শুরু করে জেনারেটিভ চ্যাটবটের জটিল অ্যালগরিদম তৈরি, সবই তাদের কাজ। একজন এআই ইঞ্জিনিয়ারকে নিউরাল নেটওয়ার্ক ট্রেনিং এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) অপ্টিমাইজেশনে দক্ষ হতে হয়। ব্যুরো অফ লেবার স্ট্যাটিসটিকসের তথ্য মতে, এই পদের গড় বার্ষিক আয় প্রায় ১ লাখ ৪৫ হাজার ডলার।

এআই কনসালট্যান্ট ও স্ট্র্যাটেজিস্ট : তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই পদটি। তাদের কাজ হলো কোনো প্রতিষ্ঠান কীভাবে লাভজনক ও নৈতিকভাবে এআই ব্যবহার করতে পারে, তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা। কম্পিউটার সায়েন্সের পাশাপাশি ব্যবসার খুঁটিনাটি বোঝেন এমন ব্যক্তিদের চাহিদা এখানে তুঙ্গে। অভিজ্ঞ কনসালট্যান্টরা বছরে ২ লাখ ডলারের বেশি আয় করছেন।

ডেটা অ্যানোটেটর : একটি এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রচুর পরিমাণ লেবেলযুক্ত ডেটার প্রয়োজন হয়। এই কাজটিই করেন ডেটা অ্যানোটেটররা। তারা ছবি, ভিডিও বা সোশ্যাল মিডিয়া পোস্টের ওপর সঠিক ট্যাগ বা মেটাডেটা বসিয়ে এআইকে বুঝতে সাহায্য করেন। বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ডেটা অ্যানোটেশনে দক্ষ ব্যক্তিরা ঘণ্টায় ১০০ থেকে ১৮০ ডলার পর্যন্ত আয় করতে পারেন।

এআই ও মেশিন লার্নিং গবেষক : ভবিষ্যতের জেনারেটিভ এআই কেমন হবে, তা নিয়ে গবেষণা করাই এদের কাজ। অ্যাপল, গুগল এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো তাদের অভ্যন্তরীণ গবেষণা দলের জন্য হাজার হাজার গবেষক নিয়োগ দিচ্ছে। লিঙ্কডইনের তথ্য মতে, এই পেশায় নিযুক্ত ব্যক্তিদের গড় বেতন বছরে ১ লাখ ৩০ হাজার ডলারের কাছাকাছি। তবে এই খাতে লিঙ্গ বৈষম্য এখনও প্রকট; পদের প্রায় ৭৪ শতাংশই পুরুষদের দখলে।

ডেটা সেন্টার টেকনিশিয়ান : এআই এর ব্যাপক চাহিদা মেটাতে বিশ্বজুড়ে বিশাল সব ডেটা সেন্টার তৈরি হচ্ছে। এসঅ্যান্ডপি গ্লোবালের রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালেই এই খাতে ৬১ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। এই বিশাল সার্ভার নেটওয়ার্কগুলো রক্ষণাবেক্ষণ, হার্ডওয়্যার ইনস্টলেশন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য দক্ষ টেকনিশিয়ানদের চাহিদা এখন আকাশচুম্বী। এই পেশায় বার্ষিক গড় আয় প্রায় ৬৮ হাজার ডলার।