ফোল্ডেবল আইফোন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রযুক্তি বিশ্বে নতুন কী চমক আসছে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। আর সেই কৌতূহলের কেন্দ্রে সবসময়ই থাকে টেক জায়ান্ট অ্যাপল। ২০২৬ সালকে সামনে রেখে বড় ধরনের সব বাজি ধরছে এই প্রতিষ্ঠানটি। ফোল্ডেবল আইফোন থেকে শুরু করে সস্তা ম্যাকবুক- এই বছরে অ্যাপল ভক্তদের জন্য থাকছে একগুচ্ছ নতুন উপহার। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি সংবাদমাধ্যম ও লিক হওয়া তথ্যে উঠে এসেছে অ্যাপলের ২০২৬ সালের সম্ভাব্য রোডম্যাপ। চলুন দেখে নেওয়া যাক কী কী চমক নিয়ে আসছে তারা-
অ্যাপল ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে পারে ২০২৬ সালে। শোনা যাচ্ছে, আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি বাজারে আসবে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন। এটি অনেকটা বইয়ের মতো খুলবে, যার ভেতরে থাকবে ৭.৭ ইঞ্চির বিশাল স্ক্রিন এবং বাইরে ৫.৩ ইঞ্চির ডিসপ্লে। স্যামসাংয়ের তৈরি এই বিশেষ স্ক্রিনটি প্রায় ভাঁজমুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রিমিয়াম এই মডেলটির দাম সাধারণ আইফোনের তুলনায় অনেকটাই বেশি হতে পারে।
যারা কম বাজেটের মধ্যে অ্যাপল ইকোসিস্টেমে ঢুকতে চান, তাদের জন্য সুখবর। ১২.৯ থেকে ১৩ ইঞ্চি ডিসপ্লের একটি সাশ্রয়ী ম্যাকবুক আনছে তারা। এতে আইফোন ১৬ প্রো-এর শক্তিশালী এ১৮ প্রো চিপ ব্যবহার করা হতে পারে। মূলত শিক্ষার্থী এবং সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এটি বাজারে আনা হচ্ছে, যা একসময়ের জনপ্রিয় ১২-ইঞ্চি ম্যাকবুকের অভাব পূরণ করবে।
অ্যাপল এখন শুধু ফোন বা ল্যাপটপে সীমাবদ্ধ থাকতে চায় না। বাড়িকে স্মার্ট করে তুলতে আসছে ৬ থেকে ৭ ইঞ্চির ‘স্মার্ট হোম হাব’। এটি হবে আপনার বাড়ির সব স্মার্ট ডিভাইসের নিয়ন্ত্রণ কেন্দ্র। এতে ভিডিও কলের জন্য ফেসটাইম সুবিধা থাকবে এবং এটি অ্যাপলের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ‘সিরি’ দ্বারা চালিত হবে।
নিরাপত্তার কথা মাথায় রেখে অ্যাপল কাজ করছে বিশেষ এক স্মার্ট ডোরবেল নিয়ে। এতে থাকবে ফেস আইডি প্রযুক্তি, যা আপনার পরিচিত মুখ চিনতে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে স্মার্ট লক খুলে দেবে। এর ভিডিও ডেটা সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকবে, ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে শতভাগ।
ভবিষ্যতের প্রযুক্তির কথা মাথায় রেখে অ্যাপল আনতে পারে এআর স্মার্ট গ্লাস। এই চশমায় থাকবে ছবি ও ভিডিও তোলার ক্যামেরা, স্পিকার এবং ভয়েস কন্ট্রোল সুবিধা। এমনকি ব্যবহারকারীর স্বাস্থ্যের ওপর নজর রাখতে এতে হেলথ ট্র্যাকিং ফিচারও যুক্ত করা হতে পারে।
