দ্বিতীয়বারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ সংসদের মতো এবারও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল সোমবার বঙ্গভবনে তিনি এ ভোট দেন। রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পাবনা-৫ আসনে (সদর) ভোটার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর অনুচ্ছেদ ২৭ অনুসারে, রাষ্ট্রপ্রধান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোটকেন্দ্রে যেতে পারছেন না এমন চার ধরনের ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ৯ম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু করা হয়।
আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে ইসি। ১২৩ দেশে অবস্থানরত সাত লাখ ৬৭ হাজার ১৮৮ ব্যালট বাংলাদেশি প্রবাসীদের কাছে পাঠানো হয়। এর মধ্যে ১২ হাজার ১৭০ ব্যালট ঠিকানা জটিলতাসহ বিভিন্ন কারণে ভোটারের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
