ঢাকায় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদো ঢাকায় এসেছেন। গত রোববার এক ফেসবুক পোস্টে ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিজেই নিশ্চিত করেন নানা আকুফো-আদো।

এক বার্তায় তিনি বলেন, গণতন্ত্র কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা এর সনদে অন্তর্ভুক্ত একটি মৌলিক বৈশ্বিক মূল্যবোধ। কমনওয়েলথের নীতিতে জনগণের স্বাধীনভাবে নিজেদের ইচ্ছা প্রকাশ এবং তাদের নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা নির্ধারণের অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।

জনগণের কল্যাণ ও সমৃদ্ধির স্বার্থে এসব গুরুত্বপূর্ণ মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসে। দলটি আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ মূল্যায়ন করবে।

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে আসা এই বিশেষ দলটি আগামী ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।