সাগর-রুনি হত্যা

প্রতিবেদন না দেওয়ায় তদন্ত কর্মকর্তার ব্যাখ্যা চায় আদালত

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন না দেওয়ায় তদন্ত কর্মকর্তা আজিজুল হককে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাতে আলোচিত এ মামলার প্রতিবেদন জমার তারিখ ১২৪ বার পিছিয়েছে।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল জানান, বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ১ এপ্রিল দিন রেখেছেন। ওইদিন তদন্ত কর্মকর্তাকে আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখা তলব করা হছে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি।

সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান শেরেবাংলা থানায় মামলা করেন।

ওই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন এক যুগেও দাখিল হয়নি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তের দায়িত্ব থেকে র‌্যাবকে বাদ দেওয়া হয়। একইসঙ্গে সেদিন উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করে এ তদন্ত কাজ সম্পন্ন করতে ছয় মাস বেঁধে দেয় হাইকোর্ট। এর তিন সপ্তাহ বাদে ২৩ অক্টোবর আলোচিত এ হত্যা মামলার তদন্ত কাজ শেষ করতে টাস্কফোর্স গঠন করে সরকার। টাস্কফোর্সের অধীনে পিবিআই মামলাটির তদন্ত করছে।