দুর্নীতিতে ১৩তম বাংলাদেশ

টিআইবি ধারণা সূচক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম স্থানে আছে। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস ভবনে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সেখানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সূচকের তথ্য তুলে ধরেন। সিপিআই অনুযায়ী, দুর্নীতির মাত্রাকে শূন্য থেকে একশ স্কেলে নির্ধারণ করা হয়। এ পদ্ধতিতে ০ (শূন্য) স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং ১০০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বনিম্ন ধরা হয়।

সূচকে ২০২৫ সালে বাংলাদেশের স্কোর হয়েছে ২৪, যা আগের বছরের ২৩ স্কোরের তুলনায় এক পয়েন্ট বেশি। তবে পয়েন্ট বাড়লেও দেশের বৈশ্বিক র‌্যাঙ্কিং একধাপ অবনমন হয়েছে। ইফতেখারুজ্জামান উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি। আমাদের স্কোর খুবই হতাশাজনক।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বলেছে, সিপিআই সূচক বিশ্বের দুর্নীতির চিত্রকে সামনে আনে। এটি দেখায়, কোন দেশ উন্নতি করছে, কোন দেশ অবনতির পথে, বা কোন দেশ অপরিবর্তিত। এছাড়াও এটি বিশ্ব, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে দুর্নীতির ধারা ও প্রভাবকগুলোকে তুলে ধরে। ২০২৫ সালের সিপিআই অনুযায়ী ১৮২টি দেশ ও অঞ্চলের সরকারি খাতের দুর্নীতির স্তর অনুযায়ী র‍্যাঙ্কিং করা হয়েছে।

চোরতন্ত্র ব্যাকফুটে রয়েছে, পতন হয়নি : অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চোরতন্ত্র ব্যাকফুটে রয়ে গেছে, এটির পতন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিল, সেটি পালনে তারা অনেকটাই ব্যর্থ হয়েছে। যে সংস্কারগুলোর উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে অনেক ক্ষেত্রেই ধীর গতি দেখা গেছে। গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে শ্রীলঙ্কা বিশ্বজুড়ে দুর্নীতির ধারণাসূচকে (সিপিআই) ৩ পয়েন্ট উন্নতি করতে সক্ষম হলেও বাংলাদেশ সেখানে ব্যর্থ হয়েছে। স্কোরের দিক দিয়ে আমরা যে ১ পয়েন্ট উন্নতি করেছি সেটি দুর্নীতি কমার কারণে নয়, বরং জুলাই আন্দোলনের ফল। কেননা, আন্দোলনটি চোরতন্ত্রের বিরুদ্ধে ছিল। তাই, সেটির মূল্যায়নে সিপিআই স্কোর ১ পয়েন্ট বেড়ে ২৪ হয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা চোরতন্ত্রের জন্য দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের মতো দুর্নীতিগ্রস্ত দেশের জন্য বিশ্বের অনেক দেশে উন্নতি হয়। এতে সিঙ্গাপুরের মতো দেশগুলো এগিয়ে যায়। আমরা ২০২৪ সালের ৫ আগস্টের পর যে দলবাজি-দখলদারি দেখেছি, তাতে স্পষ্ট যে দুর্নীতির হাতবদল হয়েছে মাত্র, দমন হয়নি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দুটি দায়িত্ব ছিল রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি প্রতিহত করা। দুটি ক্ষেত্রেই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা তাদের নিজেদের পছন্দে জোর দিয়েছেন, অন্য কারো মতামতে মূল্যায়ন করেনি।

রাজনৈতিক ও আমলাতন্ত্রের কারণে সংস্কারে বাধাগ্রস্ত হয়েছে জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক ও আমলাতন্ত্রের অপশক্তির কারণে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতার চর্চা করতে অনেকটাই ব্যর্থ হয়েছে।

বাংলাদেশের মতো রাষ্ট্রে দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব কীনা, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আগামী নির্বাচনে যে ইশতেহার ঘোষণা করেছে, তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলেই দুর্নীতি প্রতিহত করা সম্ভব। স্বার্থের দ্বন্দ্বে- রাষ্ট্রের স্বার্থ ও নিজের স্বার্থ আলাদা করতে না পারলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। নিজের স্বার্থের আগে রাষ্ট্রের স্বার্থে গুরুত্ব দিতে হবে। ক্ষমতায় আসুক বা না আসুক, প্রত্যেক রাজনৈতিক দলগুলোকে দুর্নীতি দমনে প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বের যেসব দেশগুলো সিপিআই স্কোরে ১০০ পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে, সেসব দেশগুলোতে দুর্নীতি করলে শাস্তি নিশ্চিত করার বিধান রয়েছে। আমাদের দেশেও এটি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক আশ্রয়ে দুর্নীতিগ্রস্তরা যেন দায়মুক্তি না পায়, সেজন্য পদক্ষেপ নিতে হবে। দুদকের পাশাপাশি সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি দমনে কাজ করতে হবে। রাষ্ট্রীয় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব।

সংস্থার এই নির্বাহী পরিচালক আরও বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা বাড়াতে হবে। যে দেশগুলোতে গণমাধ্যমের স্বাধীনতা যত বেশি, সেই দেশগুলোতে তত দ্রুত দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে।

টিআইবি এমন সময় ২০২৫ সালের সিপিআই সূচক প্রকাশ করেছে যখন দেশের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে একদিন পরই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর এই সূচক প্রকাশ করে। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়।

২০২৫ সালের সিপিআই সূচক অনুযায়ী, বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪তম। অর্থাৎ বছরের ব্যবধানে দুর্নীতিতে একধান অবনতি হয়েছে বাংলাদেশের। আলোচিত বছরে সিপিআই স্কোর ২৩ পয়েন্ট থেকে বেড়ে ২৪ পয়েন্টে উন্নিত হয়েছ। তবে টিআইবি বলছে, এটি কেবলই জুলাই আন্দোলনের ফল। বাস্তবে আরো দুর্নীতিগ্রস্ত হয়েছে দেশ।

সিপিআই সূচকে এবছর কোন দেশই শতভাগ স্কোর পায়নি। ১০০ স্কোরের মধ্যে সবচেয়ে বেশি স্কোর পেয়েছে ডেনমার্ক, যা ৮৯ পয়েন্ট। কম দুর্নীতিগ্রস্ত ১০টি দেশের তালিকায় ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড এবং ৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। অন্যদিকে, ১০০ স্কোরের মধ্যে মাত্র ৯ পয়েন্ট নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যৌভভাবে দুই দেশ- সুদান ও সোমালিয়া। বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা এবং তৃতীয় হয়েছে যৌথভাবে ইয়েমেন, লিবিয়া ও ইরিত্রিয়া।