টাকাসহ জামায়াত নেতা আটক, ‘সাজানো নাটক’ বলছে দল
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেছেন জামায়াত। দলটি বলছে একটি দলকে সুবিধে দিতে জামায়াতের বিরুদ্ধে মিথ্যা ছড়ানো হচ্ছে এবং সাজানো নাটক করা হচ্ছে। এর জবাব জনগণকে নিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।
জানা যায়, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। টাকা গণনা চলছে। তিনি বলেছেন এগুলো ব্যবসার টাকা।’ পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল উদ্দিন সৈয়দপুরে অবতরণ করেন। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সুপার শেখ জাহিদুল জানান, আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে জানা গেছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে এবং এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নেই জানিয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই। গতকাল বুধবার ভোটের সময় টাকা পরিবহনের সময়সীমা নিয়ে প্রশ্ন করা হলে এ তথ্য জানান ইসি সচিব।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, টাকা যদি বৈধ হয় এবং এর উৎস বৈধভাবে দেখানো যায়, তাহলে কোনো নির্দিষ্ট সীমা নেই। ব্যক্তিগত কাজে যত খুশি টাকা বহন করা যাবে। তবে ওই টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, সে বিষয়টি দেখবে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’। টাকা যদি অবৈধ হয়, তাহলে সে ক্ষেত্রে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
অভ্যন্তরীণ বিমানে টাকা বহনে বাধা নেই: অভ্যন্তরীণ রুটে বিমানে অর্থ পরিবহনে কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক (সহকারী পরিচালক-এটিএম) একেএম বাহাউদ্দিন জাকারিয়া। গতকাল বুধবার বিকালে তিনি এ কথা জানান। একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, অভ্যন্তরীণ রুটে বিমানে অর্থ পরিবহনে কোনো বিধিনিষেধ নেই। যে কেউ নিজের মতো করে টাকা বহন করতে পারেন।
এর আগে বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় নির্বাচনের একদিন আগে এ ঘটনায় দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়। পরে বিকাল ৩টায় জামায়াতের ওই নেতার আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির একজন ব্যবসায়ী। ঢাকা বিমানবন্দর ছাড়পত্র দিলেও সৈয়দপুর বিমানবন্দরের মতো একটি সিকিউর জায়গায় এ ধরনের নাটক সাজানো হয়েছে। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ অনাপত্তিপত্র দেন বলে জানান এহসানুল মাহবুব জোবায়ের। জুবায়ের বলেন, ‘একজন ব্যক্তি তার নিজের টাকা দেশের যে কোনো স্থানে বহন করতে পারেন। এটি কোনো অপরাধ নয়।’ তিনি আরও বলেন, যারা আগের নির্বাচনে যুক্ত ছিল, জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। এখন প্রশাসনের একটি অংশ একপেশে ভূমিকা পালন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
টাকাসহ জেলা জামায়াতের আমিরের আটক সাজানো নাটক: অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
তিনি বলেছেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো একটা সিকিউর জায়গায় এ ধরনের ঘটনা সাজানো। গতকাল বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এহসানুল মাহবুব বলেন, জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস ঘটানো হয়েছে।তিনি বলেন, একদল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসতে না পারে সে চক্রান্ত হচ্ছে। গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনি বুথ ভেঙে ফেলেছে। এছাড়া সারাদেশেই আমাদের নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটছে।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাদের এজেন্টদের সরিয়ে দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন এহসানুল মাহবুব জোবায়ের।
তিনি বলেন, আমাদের মনে হচ্ছে প্রশাসনের একটা অংশ একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন।জোবায়ের আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ কাজ উদ্দেশ্যপ্রণোদিত। একদল লোক ইচ্ছাকৃত ভাবে এ ধরনের নাটক সাজাচ্ছে। আমরা সব জায়গায় এ ইস্যু জানিয়েছি।
টাকা বহনের অনাপত্তিপত্র নিয়েই বিমানে উঠেন ঠাকুরগাঁও আমির বেলাল :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালে দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন নগদ টাকা বহন করছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। তারা অনাপত্তিপত্র দিয়েছেন যে অভ্যন্তরীন রুটে এই ধরনের টাকা বহন করতে অসুবিধা নাই। এরপরও তাকে সৈয়দপুর বিমানবন্দরে আটক পরিকল্পিত বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল বুধবার বলেন, বুঝাই যাচ্ছে যে পরিকল্পিতভাবে স্বপ্রণোদিত হয়ে এটা করা হয়েছে।
বুধবার বেলা আড়াইটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, আজকে একজন দায়িত্বশীল ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটকের নামে একটা সাজানো নাটক করেছেন। জুবায়ের বলেন, তিনি (জামায়াত নেতা) তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আসা যাওয়া করি। আমাকে কিছু লেনদেন করতে হয়। ব্যাংক বন্ধ, এ জন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা বহন করতেই পারেন।
তিনি বলেন, বিমানবন্দরের মত একটা সংরক্ষিত এলাকায় খুবই লিমিটেড মানুষের চলাফেরা। সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, নিউজ করা হচ্ছে। ইতোমধ্যে বয়স্ক ওই দায়িত্বশীল অসুস্থ হয়ে পড়েছেন। মানসিক নির্যাতনের কারণে এই মুহূর্তে তাকে রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে।
নির্বাচনের একদিন আগে ২৪ ঘণ্টাও নেই এই সময়ে এতগুলো ক্যাশ টাকা নিয়ে কেউ কি আসলে বিমানবন্দর পাঠতে পারে কি না জানতে চাইলে জুবায়ের বলেন, যেহেতু চলাফেরার জন্য এখন গাড়ি সীমিত। বিভিন্ন ধরনের চেক করে।
বিভিন্ন ধরনের বিষয় আছে। এখানে তিনি মনে করেছেন যে, আমার জন্য এটা সেফ। এটা করতেই পারি। আমি আমার ক্যাশ বহন করব সেটা প্লেনে না ট্রেনে নাকি হেলিকপ্টারে যেটা তো তার রাইট আছে। তিনি তো কোনো অন্যায় করেননি। কোনো ক্রিমিনাল অফেন্স করেননি। ৫০ লাখ টাকা ওনার ব্যক্তিগত, সেই টাকা নিয়ে গেছেন। আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে দ্রুত সময়ের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারে? টাকাটা আসলেই নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হয়েছে কি না? সেটি আইনশৃঙ্খলা বাহিনী সিউর না হয়ে তারা যে কাজটা করল উদ্দেশ প্রণোদিত। আইনশৃঙ্খলা বাহিনী এই কাজটি উদ্দেশ প্রণোদিতভাবেই করেছেন। এজন্য আমরা বলেছি যে, আইনশৃঙ্খলার সঙ্গে রিলেটেড একদল লোক এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করছেন।
আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের মুক্তি দাবি করে জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা এই ঘটনায় জড়িত, কাজটা করেছেন আমরা অবিলম্বে তাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা করার জন্য কথা বলছি। তাকে মুক্তি দেওয়া তার চিকিৎসার ব্যবস্থা করা তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার দাবি করছি।
জুবায়ের বলেন, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোন বাধা নেই তিনি অনাপত্তিপত্র দিয়েছেন। আমরা সেই কাগজটা দিয়ে দিব আপনাদের কাছে। সুতরাং এটা বুঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা ইলম মোটিভেটেড এবং জামায়াতে ইসলামী ও নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। তিনি বলেন, যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে দায়িত্বশীলরা দেখেছেন তারা সেখানে ওকে করেছেন অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে।
