হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘মাছে-ভাতে বাঙালি’ এই কথাটি প্রায় সবাই জানেন। আর মাছ-ভাতের কথা উঠলে সবার আগে রুই মাছের নাম আসে। এটি একটি পরিচিত এবং সুস্বাদু মাছ, যা প্রায় সব বাসাতেই নিয়মিত রান্না হয়। তবে রুই মাছের স্বাস্থ্য উপকারিতার বিষয়ে অনেকেই জানেন না। নিয়মিত রুই মাছ খেলে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর ক্যালোরি পরিমাণ কম থাকায় যাদের স্বাস্থ্য বেশি, তারাও এটি সহজেই খেতে পারেন। আমেরিকার স্কুল অব নিউট্রিশনের জার্নালের তথ্য অনুযায়ী, রুই মাছ উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে এবং রক্তচাপ কমাতেও সাহায্য করে।

রুই মাছে কী রয়েছে : রুই মাছে ভিটামিন এ, ডি, ই, ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন সহ বিভিন্ন খনিজ উপাদান থাকে। এর মধ্যে কোলিন নামক একটি উপাদান রয়েছে, যা স্নায়ুতন্ত্র এবং ফ্যাটের বিপাক ক্রিয়ায় সহায়ক।

রুই মাছ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় : রুই মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এটি রক্তনালিতে জমাট বাঁধা প্রতিরোধে সহায়ক। নিয়মিত রুই মাছ খেলে হৃৎপিণ্ডে চর্বি জমতে পারে না এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি হয়।

কী পরিমাণ খাবেন : রুই মাছ উপকারী হলেও পরিমাণে খাওয়া উচিত। বিশেষজ্ঞরা পরিমিত খাবারের পরামর্শ দেন। দৈনিক একটুকরো বড় রুই মাছ একজন মানুষের জন্য যথেষ্ট, তবে অতিরিক্ত খাওয়া উচিত নয়।