‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই’

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এমরান আহমদ চৌধুরী ৮ হাজার ৩৪৮ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লার সেলিম উদ্দিনকে পরাজিত করে বিজয়ী হন। এমরান আহমদ চৌধুরী তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রথমে মহান আল্লাহ-তায়ালার শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি জীবিত থাকতে আমাকে মনোনয়ন দিয়েছিলেন এবং আমার নেতা তারেক রহমানের প্রতি, যার অনুপ্রেরণায় আমার রাজনৈতিক ক্যারিয়ার এতদূর এসেছে।

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সঙ্গে নিয়ে মিলেমিশে এলাকার উন্নয়ন করতে চাই। আমরা ছাত্রজীবন থেকে একে অন্যের সঙ্গে পরিচিত। একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি। স্বৈরাচার-বিরোধী আন্দোলনে একসঙ্গে ছিলাম। সবাই মিলে ৫ আগস্ট তৈরি করেছি। আমরা পেছনে ফিরে তাকাতে চাই না, নতুন রাজনীতি তৈরি করতে চাই, নতুন গতিপথ তৈরি করতে চাই।

গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে এমরান চৌধুরী বলেন, সামনে আগাতে হলে গঠনমূলক সমালোচনা হতে হবে, নোংরা কিছু দিয়ে আগানো যায় না। তার সঙ্গে আমার সম্পর্ক আগের মতোই আছে। আমি বিশ্বাস করি, আগামী দিনেও তিনি আমাদের সহযোগিতা করবেন।

বিজয়ের পর ভালো লাগছে জানিয়ে তিনি বলেন, এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে। এটা অনেক বড় দায়িত্ব। আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে সঙ্গে নিয়ে পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে চাই। প্রবাসীদের ব্যাপারে তিনি বলেন, প্রবাসীদের কাছে আমি অনেক ঋণী। তাদের প্রতি আমার আলাদা টান। দুঃসময়ে তারা আমাকে ও আমার দলকে সাপোর্ট করেছে। এই নির্বাচনে অনেক প্রবাসী দেশে এসেছেন। তাদের অবদান আমি সারাজীবন স্মরণ করব। চেষ্টা করব, সংসদে তাদের জন্য এবং তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরার।

সিলেটের উন্নয়ন-বঞ্চনার বিষয়ে এমরান চৌধুরী বলেন, আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ, বিমানবন্দরও আন্তর্জাতিক নামে, আসলে কাজে আন্তর্জাতিক মান নেই। ট্রেনের লাইনের অবস্থাও খুব খারাপ। তিনি এইসব বিষয়ে গুরুত্ব দিবেন; যেহেতু উনার শ্বশুরবাড়িও সিলেটে। সিলেটের প্রতি তার আলাদা টান আছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে সিলেটের এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে।

এমরান চৌধুরী বর্তমানে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এর আগে তিনি সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ফলাফল অনুযায়ী, এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সেলিম উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকে প্রাপ্ত ভোট ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট।