কম দামে ‘আইফোন ১৭ই’

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অ্যাপল প্রেমীদের জন্য সুখবর। শিগগিরই বাজারে আসছে অ্যাপলের সাশ্রয়ী আইফোনের নতুন সংস্করণ ‘আইফোন ১৭ই’। ব্লুমবার্গের খ্যাতনামা প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের মতে, এই ফেব্রুয়ারি মাসেই ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হতে পারে। উল্লেখ্য যে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি অ্যাপল তাদের প্রথম ‘ই’ মডেলের আইফোন ১৬ই বাজারে এনেছিল, যার ধারাবাহিকতায় এবার ১৭ই আসছে।

প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭ই-এর সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে এর ভেতরে থাকা শক্তিশালী অ১৯ চিপ। এছাড়া এতে যুক্ত হচ্ছে বহুল প্রতীক্ষিত ম্যাগসেফ (MagSafe) চার্জিং সুবিধা। ওয়্যারলেস এবং সেলুলার কানেক্টিভিটির জন্য অ্যাপল এতে তাদের নিজস্ব তৈরি সর্বাধুনিক চিপ ব্যবহার করবে।

সবচেয়ে স্বস্তির বিষয় হলো, প্রযুক্তিগত উন্নয়ন ঘটলেও এর দাম বাড়ছে না। আগের মডেলের মতো আইফোন ১৭ই-র দামও শুরু হতে পারে ৫৯৯ ডলার থেকে। তবে আগে গুঞ্জন শোনা গিয়েছিল যে এতে ‘ডায়নামিক আইল্যান্ড’ (Dynamic Island) থাকবে, কিন্তু গুরম্যানের প্রতিবেদনে সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শুধু আইফোনই নয়, ২০২৬ সালে অ্যাপল আরও বেশ কিছু ডিভাইস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। গুরম্যানের তথ্য মতে-

আইপ্যাড : নতুন আইপ্যাড এবং আইপ্যাড এয়ার আসছে শিগগিরই। আইপ্যাড মিনিতে প্রথমবারের মতো যুক্ত হতে পারে OLED ডিসপ্লে।

ম্যাকবুক : M৫ চিপসহ ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং নতুন ম্যাকবুক এয়ার বাজারে আসার অপেক্ষায়। এর পরপরই আসতে পারে নতুন ম্যাক স্টুডিও।