কুষ্টিয়ায় লরি-সিএনজির সংঘর্ষে পাঁচজন নিহত

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বাইপাস সড়কে গ্যাসবাহী লরি ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া স্টোরস তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, বটতৈল মোড় থেকে ট্রাকটি ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহীর বাঘা উপজেলা থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান। নিহতরা হলেন- খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন, আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজি চালক জাকারিয়া সরকার, খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল ও আশরাফুলের স্ত্রী শিরিনা খাতুন।

নিহতরা সবাই কুষ্টিয়ার খাজানগর গ্রামের বাসিন্দা। তবে রাজশাহী জেলার বাঘা উপজেলায় তাদের বাড়ি রয়েছে। সেখান থেকেই ফিরছিলেন বর্তমান ঠিকানায়। নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

আমেনা ও কমেলার পুত্রবধূ শাহনাজ বলেন, বাঘা উপজেলায় আমাদের বাড়ি রয়েছে। শাশুড়িরা প্রায়ই সেখানে বেড়াতে যান। গতকাল শনিবার ফেরার পথে তারা দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনার পর ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ছুটে যান কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। তিনি দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দিয়ে বলেন, এগুলো দিয়ে অন্তত দাফন কাজটা হোক। এরপর বিআরটিএ থেকে দুর্ঘটনায় নিহতদের জন্য প্রত্যেককে ৫ লাখ করে যে টাকা দেওয়া হয়, সেটা যেন উনারা পান আমি সেই চেষ্টা করব।

বিকাল ৪টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।