সুসংবাদ প্রতিদিন

মাড়াই হচ্ছে সরিষা দামে খুশি কৃষক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এস এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে এবার মৌসুমি সরিষা চাষে বাম্পার ফলন হয়েছে। এরমধ্যেই এ সরিষা কাটা ও মাড়াই কাজ শুরু হয়েছে। এ সরিষা কাটার পর জমিতে ধানের চারা রোপণ করছে কৃষকরা। এ নতুন সরিষা বাজারে দাম ভালো থাকায় কৃষকরা খুশি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৮৭ হাজার ১২৫ হেক্টর জমিতে সরিষা চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কৃষকরা এ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে এ চাষ করেছে। সিরাজগঞ্জের শস্যভাণ্ডার খ্যাত তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলায় এ সরিষাচাষ বেশি হয়েছে এবং কামারখন্দ, কাজিপুর, চৌহালী, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলাসহ এ জেলার বিভিন্ন স্থানে এ সরিষা চাষে বাম্পার ফলন হয়েছে। এছাড়া যমুনা নদীর তীরবর্তী ৫টি উপজেলার চরাঞ্চলেও এ সরিষা চাষ ভালো হয়েছে। এ সরিষার মধ্যে টরি-৭, বারি-১৪, বারি-১৭, বীনা-৯, বীনা-১৪ চাষ বেশি হয়েছে। তবে চরাঞ্চলে ইউরিক অ্যাসিড মুক্ত ক্যালানীয়া জাতের সরিষা চাষের ফলনও ভালো হয়েছে। গত মাসের শেষ দিক থেকে এ মৌসুমি সরিষাকাটা ও মাড়াই শুরু করেছে কৃষকরা। এরমধ্যেই এ মাড়াই কাজ প্রায় শেষের দিকে। আর দেড় সপ্তাহের মধ্যেই এ সরিষা কাটা ও মাড়াই শেষ হবে। স্থানীয় কৃষকেরা বলছেন, কৃষকেরা জমি থেকে এরমধ্যেই বিভিন্ন জাতের সরিষা কাটা ও মাড়াই কাজ শুরু করেছে এবং এ সরিষা উত্তোলনের পর জমিতে ইরি বোরো ধানের চারা রোপণও করছে।

এবার সংশ্লিষ্ট কৃষি বিভাগ সরিষা চাষে প্রণোদনা হিসাবে নির্ধারিত হারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিজ ও সার বিতরণ করা হয়। এ চাষে কৃষি কর্মকর্তারা নানা পরামর্শও দিয়েছে কৃষকদের। আবহাওয়া অনুকুলে থাকায় সরিষা চাষে বাম্পার ফলন হয়েছে এবং উৎপাদিত বিভিন্ন জাতের নতুন সরিষা হাট বাজারে উঠছে এবং প্রতিমণ সরিষা গড়ে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ মৌসুমি সরিষা চাষে খচর কম, লাভ বেশি।

বাজারে এখন দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এরমধ্যেই সরিষা বিক্রি করে রমজানের বাজারও করছে কৃষকরা। বিশেষ করে অনেক কৃষকই এ সরিষা বিক্রি করে ঈদসহ বিভিন্ন কাজে খরচ করবে বলে আশা করছে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক একেএম মঞ্জুরে মওলা আলোকিত বাংলাদেশকে বলেন, জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। এ চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার বীজ বিতরণ করা হয় এবং এ চাষে কৃষি বিভাগ পরামর্শও দিয়েছে কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা চাষে বাম্পার ফলন হয়েছে এবং বাজার ভালো থাকায় কৃষকরা খুশি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।