মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলার ঘোষণা দিলেন ববি হাজ্জাজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

গতকাল রোববার সকালে রাজধানীর ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। এসব হামলায় শতাধিক নেতাকর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছেন। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই–উতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে মামুনুল হক বলেন, তারা আমাদের মেরেও জিতেছে, এখন কান্নাকাটি করেও জিততে চাচ্ছে। ভোটের দিন তাদের সঙ্গে তেমন কোনো সংঘাত হয়নি। একটি কেন্দ্রে যাওয়ার পর তারা আমার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের বাধা দেয়। পরে আর্মি এসে উভয়পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়।