মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

করোনা এসে ঝড় তুলে চলেও গেছে বহু আগে। কিন্তু ভেঙে দিয়ে গেছে আমাদের শরীর। নানা স্বাস্থ্য জটিলতার জন্ম হয়েছে এই মহামারির আগমনের পর। যার মধ্যে অন্যতম হলো স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়া। ছোট-বড় সবার মধ্যেই এই সমস্যা দেখা দিচ্ছে। অমুকের নাম কি, বইটা কোথায় রেখেছেন, চাবিটা কোথায়- কিছুতেই মনে পড়ে না সহজ কিছুও।

স্মৃতিশক্তি উন্নত করতে খাওয়াদাওয়ায় নজর দেওয়া জরুরি। কিছু খাবার রয়েছে যা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে। স্মৃতিশক্তি বাড়ায়, মনোযোগ বৃদ্ধি করে, কমায় ক্লান্তি। চলুন এমন কিছু খাবার সম্পর্কে জেনে নিই-

সবুজ শাকসবজি : খাদ্যতালিকায় রাখুন পালংশাক, সর্ষে শাক, পুঁই শাক, হেলেঞ্চা ইত্যাদি। সবুজ শাকপাতা মাথায় রক্ত চলাচল উন্নত করে। ফলে মাথায় অক্সিজেন সরবরাহ ভালো হয়। এগুলোতে থাকা ফোলেট ক্লান্তির সমস্যাও কমায়। পাশাপাশি শাকে রয়েছে ভিটামিন কে, লুটেইন, বিটা ক্যারোটিন-সহ নানা পুষ্টি উপাদান।

তেলযুক্ত মাছ : উচ্চমাত্রার ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ বলতেই অনেকেই স্যামন, সার্ডিন, টুনা মাছকে বোঝেন। কিন্তু এগুলো ছাড়াও এমন কিছু সহজলভ্য মাছে আছে, যাতে তেল প্রচুর। সামুদ্রিক বিভিন্ন মাছে মেলে ইপিএ এবং ডিএইচএ। ডিএইচএ মূলত মস্তিষ্কের বিকাশের জন্য কার্যকর। ওমেগা৩ এবং ওমেগা৬ ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছের তালিকায় রয়েছে, ইলিশ, রূপচাদা, কাতলা, রুই ইত্যাদি।

ব্লুবেরি : অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফ্ল্যাভোনয়েডে পরিপূর্ণ ব্লুবেরি ফল মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ছোট ছোট ফল, বিশেষ করে গাঢ় রঙের ফল মাথাকে সক্রিয় রাখে, মনোযোগ বাড়াতে সাহায্য করে।

ডিম : ভিটামিনের মতো অপরিহার্য পুষ্টি উপাদান কোলিনের দুর্দান্ত উৎস ডিমের কুসুম। এছাড়া এতে আছে বি ভিটামিন এবং প্রোটিনও। এসব উপাদান মেজাজ ভালো রাখে, স্মৃতিশক্তি বাড়ায়, মস্তিষ্কের ক্ষয় রোধ করে।

বাদাম ও বিভিন্ন বীজ : আখরোট, আমন্ড, কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ ইত্যাদি মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয়। পাশাপাশি, ক্লান্তি কমায় এবং স্নায়ুর উত্তেজনাকে প্রশমিত করে। বাদাম ও বীজে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, জিঙ্কের মতো পুষ্টি উপাদান যা মস্তিষ্কের জন্য উপকারি।

দানাশস্য : মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য গ্লুকোজের প্রয়োজন অপরিসীম। পাতে রাখুন ব্রাউন রাইস, কিনোয়া, ওটস, আটার রুটি বা জোয়ার-রাগি জাতীয় খাবার।

ডার্ক চকোলেট : রোজ অল্প পরিমাণে ডার্ক চকলেট খেলে মন ভালো থাকে এবং মস্তিষ্ক সতেজ থাকে। তবে ৭০ শতাংশ কোকো পাউডারযুক্ত ডার্ক চকোলেটই বেছে নিতে হবে। ক্যাফিন, অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফ্ল্যাভোনয়েডের উপস্থিতির কারণে মাথা বেশি কাজ করে, ক্লান্তি দূর হয়।