যমুনা ছাড়লেন ড. ইউনূস
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেছেন। গতকাল শনিবার বিকালে সাড়ে ৩টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানের নিজ বাসভবনে উঠেছেন। এখন যমুনা বাসভবনের সংস্কার কাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উঠবেন। সেই লক্ষ্যে প্রস্তুতি করা হবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উঠবেন কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে নিজস্ব বাসভবনে অবস্থান করছেন। ড. ইউনূসের প্রস্থান শেষে গণপূর্ত অধিদফতর যমুনার সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে। সংস্কারের পর ভবনটি প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত রাখা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদফতর নিশ্চিত করেছে, চলতি মাসের মধ্যে ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সশ্লিষ্ট সব কাজ সম্পন্ন হবে।
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। শনিবার বিকাল ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’ থেকে সাবেক প্রধান উপদেষ্টার বিদায়কালে তার সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।
