হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অনলাইন যোগাযোগে বিপ্লব আনা মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যাল ব্যবহারের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। আজ ১ মার্চ ২০২৬ থেকে কার্যকর হচ্ছে ‘সিম বাইন্ডিং’ (SIM Binding) নিয়ম। নতুন এই বিধিনিষেধ অনুযায়ী, যে সিম কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেটি ফোনে সচল না থাকলে আর অ্যাপ ব্যবহার করা যাবে না। জাতীয় নিরাপত্তা নিশ্চিত এবং অনলাইন জালিয়াতি রোধে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

এতদিন অনেক ব্যবহারকারী ফোনে সিম না রেখেও শুধু ওয়াইফাই বা অন্য ডিভাইসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, অ্যাপটি কেবল তখনই কাজ করবে যখন নিবন্ধিত সিম কার্ডটি শারীরিকভাবে ওই ফোনে উপস্থিত এবং সচল থাকবে। যদি ফোন থেকে সিম কার্ডটি সরিয়ে ফেলা হয়, তবে অ্যাপটি তাৎক্ষণিকভাবে কাজ করা বন্ধ করে দেবে।

ভারতের কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা রক্ষা এবং ক্রমবর্ধমান সাইবার জালিয়াতি রুখতেই এই সিদ্ধান্ত। প্রতারকরা প্রায়ই অন্যের নম্বর ব্যবহার করে ভুয়া কল বা বার্তা পাঠিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়। সিম বাইন্ডিং নিশ্চিত করবে যে, প্রকৃত সিম কার্ডধারী ব্যক্তিই অ্যাপটি ব্যবহার করছেন।

মেটা (Meta) এবং গুগলের মতো ইন্টারনেট জায়ান্টগুলো এই নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এটি প্রযুক্তিগতভাবে বেশ জটিল। বিশেষ করে অনেক ট্যাবলেট বা ল্যাপটপে সিম স্লট থাকে না, ফলে সেসব ডিভাইসে অ্যাপ চালানো কঠিন হয়ে পড়বে। তবে সরকার জানিয়েছে, ব্যবহারকারীর অভিজ্ঞতার চেয়ে জাতীয় নিরাপত্তাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

যারা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ‘লিঙ্কড ডিভাইস’ হিসেবে ব্যবহার করেন, তাদের জন্য থাকছে বাড়তি সতর্কতা। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ৬ ঘণ্টা অন্তর কম্পিউটার সেশন থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে। পুনরায় ব্যবহারের জন্য বারবার লগ-ইন করতে হবে।