বিজিবির অভিযানে এক মাসে ১৩১ কোটি টাকার মালামাল জব্দ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ৩৫৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

গ্রেফতারদের মধ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। শরীফুল ইসলাম বলেন, গত ফেব্রুয়ারি মাসে সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪১ জন চোরাচালানী এবং সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি নাগরিক, দুইজন ভারতীয় নাগরিক ও ১৩৫ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে একই সময়ে সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি। একই সঙ্গে ১৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ জব্দ করা হয়েছে বিভিন্ন ধরনের মাদক।জব্দ করা চোরাচালান দ্রব্যের তালিকা তুলে ধরে শরীফুল ইসলাম বলেন, ১ কেজি ১৬৯ দশমিক ৭২ গ্রাম সোনা, ১০ হাজার ৮৭৮টি শাড়ি, ৪ হাজার ৯২০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১১ হাজার ৬৪২টি তৈরি পোশাক, ৮৮৭ মিটার থান কাপড়, ৪ লাখ ১৩ হাজার ৪৮৯টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৪৬৪ পিস ইমিটেশন গহনা, ১৮ লাখ ৮৩ হাজার ৫৪৫টি আতশবাজি, ৩ হাজার ৬৪৬ ঘনফুট কাঠ, ১৩ হাজার ৮৫২ কেজি চা পাতা, ৮ হাজার ৪৭৪ কেজি সুপারি, ১৭ হাজার ৪৭২ কেজি কয়লা, ৫৫ হাজার ২৬০ ঘন ফুট বালু, ১৯৫টি মোবাইল, ৪ হাজার ৯২৮ পিস মোবাইলের ডিসপ্লে, ৫ হাজার ৬৪৩টি চশমা, ২৯ হাজার ৪৭৭ কেজি জিরা, ১৬ হাজার ২৯২ কেজি চিনি, ৩৩ হাজার ৮৭০ কেজি পেঁয়াজ, ১ হাজার ২০৪ কেজি রসুন, ৩ হাজার ৫৫৬ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৪ হাজার ৭০১ কেজি সার, ২ হাজার ৩৯২ প্যাকেট কীটনাশক, ৯৪ হাজার ২২৭ পিস চকোলেট, ৬৩৮টি গরু/মহিষ, তিনটি কষ্টি পাথরের মূর্তি, আটটি ট্রাক/কাভার্ড ভ্যান, সাতটি ট্রাক্টর, সাতটি পিকআপ, দুটি প্রাইভেটকার/মাইক্রোবাস, দুটি ট্রলি, ২৯টি সিএনজি/ইজিবাইক, ৩৪টি মোটরসাইকেল এবং ২৬টি বাইসাইকেল/ভ্যান।

এছাড়াও উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- ১৩টি বিদেশি/দেশীয় পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০ রাউন্ড গোলাবারুদ, ১৬টি ককটেল, ৮২টি ইলেকট্রিক ডেটোনেটর, ৩ কেজি গান পাউডার, ২৪টি অন্যান্য অস্ত্র এবং ৫ কেজি ভারতীয় রাসায়নিক উপদান।

এছাড়াও গত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৭,০৯,০৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ২৬৮ গ্রাম হেরোইন, ২ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল, ১ কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬,৪৫৮ বোতল বিদেশি মদ, ১০০ লিটার বাংলা মদ, ১,৩৬৮ বোতল ক্যান বিয়ার, ৯৩৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১,৬১,৮৫৩ প্যাকেট বিড়িও সিগারেট, ২১২ কেজি বিড়ি তৈরির মসলা, ১,৯৯,০৫৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২,৪৭৭ বোতল ইস্কাফ সিরাপ, ৯,৩৬১টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম কোকেন ও ৩,১৯,৮৬৩ পিস বিভিন্ন প্রকার ওষুধ।