আইফোন ১৭ই মডেল
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রযুক্তিবিশ্বে নতুন চমক নিয়ে এলো অ্যাপল। গত বছরের সেপ্টেম্বর মাসে বাজারে আসা আইফোন ১৭ সিরিজের সাফল্যের পর, এবার এই সিরিজের সবথেকে সাশ্রয়ী সংস্করণ ‘আইফোন ১৭ই’ (iPhone 17e) উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। উন্নত চিপসেট ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়ে তৈরি এই ফোনটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মাঝে আগে থেকেই ব্যাপক জল্পনা ছিল, যা এখন বাস্তবে রূপ নিল।
নতুন আইফোন ১৭ই মডেলে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ‘এ১৯’ (অ১৯) চিপসেট, যা মূলত আইফোন ১৭-এর মূল মডেলেও দেখা যায়। ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম এবং সর্বনিম্ন ২৫৬ জিবি তথ্য সংরক্ষণের ক্ষমতা (স্টোরেজ)। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে আইওএস ১৯ (রঙঝ ১৯) সংস্করণ।
ডিজাইনের ক্ষেত্রে এটি অনেকটা আগের মডেলের মতোই। ফোনের পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের একটি একক ক্যামেরা এবং সামনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের সেন্সর। ফেস আইডি সুবিধার জন্য পর্দার ওপরের অংশে একটি প্রশস্ত নচ রাখা হয়েছে এবং সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে ‘সেরামিক শিল্ড ২’। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে থাকছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের (সঅয) বেশি শক্তিশালী ব্যাটারি এবং ১৫ ওয়াটের ম্যাগসেফ চার্জিং সুবিধা।
ভারতে আইফোন ১৭ই-এর ২৫৬ জিবি সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৪,৯০০ রুপি। এছাড়া ৫১২ জিবি সংস্করণের দাম পড়বে ৮৪,৯০০ রুপি। ৪ মার্চ থেকে ফোনটির প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে এবং আগামী ১১ মার্চ থেকে এটি সাধারণ ক্রেতাদের জন্য বাজারে সহজলভ্য হবে। আগের তুলনায় বেশি স্টোরেজ এবং শক্তিশালী প্রসেসর থাকায় সাশ্রয়ী মূল্যের এই আইফোনটি বাজারে বেশ সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
