জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ২২
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর (ছিন্নমূল/আলীনগর) এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, ২৭টি পাইপগান, এক হাজার ১১৩ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় ২২ জনকে আটক করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের বরাতে গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল ও একটি এলজি রয়েছে। এই অভিযানে ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, ৫৭টি অস্ত্র তৈরির পাইপ, ৬১টি কার্তুজ, বিভিন্ন ধরনের এক হাজার ১১৩ রাউন্ড গুলি এবং ১১টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া, পাইপগান তৈরির একটি লেদ মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
গত সোমবার ভোর সাড়ে ৫টায় জঙ্গল সলিমপুরের বিভিন্ন পাহাড়ি ও দুর্গম এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট তিন হাজার ১৮৩ জন সদস্য অংশ নেন। এতে তিনটি হেলিকপ্টার, ১৫টি এপিসি, র্যাব ও সিএমপির তিনটি ডগ স্কোয়াড এবং ১২টি ড্রোন ব্যবহার করা হয়েছে।
