‘৪৩ বছর দাপটের সঙ্গে রাজনীতি করেছেন খালেদা জিয়া’
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে জাতীয় সংসদে স্থানীয় সরকারমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার ৪৩ বছরের রাজনীতিতে কখনও গণতন্ত্র এবং স্বাধীনতার ইস্যুতে আপস করেননি। তিনি বাংলাদেশের ৫৪ বছরে ৪৩ বছর দাপটের সঙ্গে রাজনীতি করেছেন। তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, দুইবার বিরোধীদলীয় নেতা হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ফখরুল এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই মন্ত্রী মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক সংগ্রামী যারা প্রাণ হারিয়েছেন এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার সম্পর্কে অল্প সময়ে কথা বলা কঠিন। তিনি একজন দূরদর্শিতাসম্পন্ন রাষ্ট্রনায়ক। তার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। তিনি দেশের সংবাদপত্রের স্বাধীনতা, নারীদের উন্নয়ন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষকদের ঋণ মওকুফ, অর্থনীতি প্রাণবন্ত করতে ভ্যাট চালু করেছেন।
তিনি বলেন, ফ্যাসিস্টরা তাকে (খালেদা জিয়া) হত্যার ষড়যন্ত্র করেছিল। কিন্তু পারে নাই। ২৪-এর গণঅভ্যুত্থানের পর তিনি মুক্ত হয়েছেন এবং মুক্ত হয়ে বলেছেন, প্রতিহিংসা নয়, মানুষকে ভালোবাসার মাধ্যমে কল্যাণকর বাংলাদেশ গড়তে হবে। জাতীয় সংসদে প্রখ্যাত কবি আল মাহমুদ রচিত বেগম খালেদা জিয়াকে নিয়ে কবিতার কিছু অংশও আবৃত্তি করেন মির্জা ফখরুল।
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন -স্বরাষ্ট্রমন্ত্রী : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়। সংসদে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালকে নির্বাচিত করার পর শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অধিবেশন শুরুর পর প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সংসদে বক্তব্য দেন বিভিন্ন নেতারা। এসময় কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। যত আসনেই নির্বাচন করেছেন সব আসনেই খালেদা জিয়া জিতেছেন। তিনি বলেন, আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের মাঝে আছেন। গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন। সালাহউদ্দিন আহমদ একাত্তর ও জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শোকপ্রস্তাবের ওপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা চলার সময় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
