তুরস্কে কিডনি রোগী পাঠানোর নামে প্রতারণা গ্রেপ্তার ৫ জন কারাগারে

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

তুরস্কে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে কিডনি রোগীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার প্রতারক চক্রের পাঁচ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। কারাগারে পাঠানো আসামির হলেন-নুরুজ্জামান রাজু (৩৬), মোহাম্মদ তরিকুল (৩০), সালমান ফারসি (৩৫), মাসুম বিল্লাহ (৪৩) ও ওয়ালিদ মিয়া (২৬)।

গতকাল শুক্রবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানী থেকে তাদের গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, তার্কিশডকের সাবেক এক কর্মীর খোলা নকল ওয়েবসাইটের মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের জন্য তুরস্কে গিয়ে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন শতাধিক বাংলাদেশি নাগরিক। গত ফেব্রুয়ারি মাসে নিরব নজরুল লিখন নামে এক ভুক্তভোগী তার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য রাজুর সঙ্গে ২৩ হাজার ডলারে চুক্তিবদ্ধ হন। সে অনুযায়ী, মাকে নিয়ে তুরস্কে যাওয়ার পর ধাপে ধাপে তাদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিলেও কিডনি প্রতিস্থাপন না করেই দেশে পাঠিয়ে দেয়। মোটা অঙ্কের টাকা খুইয়েও মায়ের চিকিৎসা না পেয়ে ঢাকার শ্যামপুর থানায় গত ১০ মার্চ একটি মামলা করেন নিরব নজরুল লিখন।