মার্কিন সরকারি সুবিধার অপব্যবহার করলে কঠোর পরিণতি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিদেশি দর্শনার্থীরা যদি যুক্তরাষ্ট্র সরকারের সুবিধার অপব্যবহার করে তাহলে ভবিষ্যতে কঠোর পরিণতির মুখোমুখি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল শনিবার দূতাবাসের এক বার্তায় এ হুঁশিয়ারি দেওয়া হয়। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে অথবা সেসবের ওপর নির্ভরশীল হয়ে পড়লে তাদের ভিসা বাতিল করা হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য অযোগ্য ঘোষিত হতে পারেন। বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ বহন করার জন্য প্রস্তুত থাকা জরুরি। ভ্রমণের পরিকল্পনা করার সময় সম্ভাব্য জরুরি পরিস্থিতি যেমন ভ্রমণে বিঘ্ন বা চিকিৎসা সংক্রান্ত খরচ মোকাবিলার মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা আছে কি না তা নিশ্চিত করতে হবে। ঢাকার মার্কিন দূতাবাস জানায়, সুবিধার অপব্যবহার দীর্ঘমেয়াদি পরিণতি ডেকে আনতে পারে। এতে ভবিষ্যতে কেউ যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার সুযোগ হারাতে পারেন। এর আগেও অনভিবাসী ভিসাধারীদের আর্থিক স্বচ্ছলতা বিষয়ে সতর্ক করেছিল ঢাকার মার্কিন দূতাবাস। সে সময় বলা হয়, ভ্রমণের উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির সরকারি স্বাস্থ্যসেবা সহায়তা নিলে সেটিকে ভিসার অপব্যবহার হিসেবে বিবেচনা করা হতে পারে। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হয়ে যেতে পারেন।
