হাদি হত্যার বিচার বিলম্বের কারণ জানালেন আসিফ নজরুল

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারে বিলম্ব হওয়ার কারণ জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, ‘ওসমান হাদি ছিলেন গণমানুষের অতি প্রিয় মুখ। আমাকে অনেক মানুষ অনুরোধ করতেন হাদি হত্যার বিচারের জন্য। আমি সরকারে থাকা অবস্থায় এই বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছিলাম। এই আশাও ছিল যে আমাদের সরকারের মেয়াদকালে এটি সম্পন্ন হবে।’ তিনি বলেন, ‘কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই হত্যার বিচার এখনও শুরুই করা যায়নি। এ বছর ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন। মামলার বাদী অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দেন। এ ধরনের মামলায় নারাজি দেওয়া হলে আদালতের পক্ষে অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করা সমীচীন হয় না। আদালত তাই মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের সিআইডিকে নির্দেশ দেন। এই তদন্ত এখনো শেষ হয়নি, তাই বিচারও শুরু করা যায়নি।’

পোস্টে সাবেক আইন উপদেষ্টা বলেন, ‘সিআইডির তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে এবং এতে আর নারাজি না এলে বিচারকার্য শুরু হবে। কিন্তু তদন্তে ত্রুটি, অসম্পূর্ণতা বা অন্য যে কোনো কারণে বাদী আবারও নারাজি দিলে বিচার আরও পেছাতে পারে।’ তিনি আরও বলেন, ‘আদালত সার্বিক বিবেচনায় সঠিক মনে করলে বাদীর নারাজিকে অগ্রাহ্য করে বিচার শুরু করতে পারেন। কিন্তু তাতে বিচার নিয়ে বিতর্ক ওঠার আশঙ্কা থাকবে।’

আসিফ নজরুল বলেন, ‘আমরা যতটা ভাবি, তদন্ত আর বিচার আসলে এত সরল বিষয় নয়। তবে সবার সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করা সম্ভব, সঠিক তদন্ত ও বিচারও সম্ভব। এই সদিচ্ছা আমাদের সবার থাকা উচিত।’