প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বঙ্গভবনে পৌঁছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী অধ্যাপিকা রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পর কুশল বিনিময় করেন। এর আগে বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গ্যালারিতে বসে খেলা উপভোগ করার পর তিনি সরাসরি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ও সৌজন্য সাক্ষাৎ।
