একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্যের বাংলাদেশ গড়তে চাই

বললেন নাহিদ ইসলাম

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ গড়তে চাই। আমরা এটার জন্যই এ মুহূর্তে কাজ করছি।’ গতকাল বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় এই চিফ হুইপ। মহান স্বাধীনতা দিবস নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের স্বাধীনতার সপক্ষে যারা ছিলেন, শহীদ হয়েছিলেন, বীরাঙ্গনা হয়েছেন, তাদের আজকের এই দিবসে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। হয়নি বলেই আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই সামনে যাতে আর এমন না হয়।’