বাংলাদেশের প্রতি অবিচল সমর্থনের কথা জানালেন গুতেরেস

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে আন্তোনিও গুতেরেস এই সমর্থন-সংহতি জানান। এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

বৈঠকে নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেলসংকটের পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর চ্যালেঞ্জ তুলে ধরেন। দরিদ্র দেশগুলোর ওপর অসম ও বৈষম্যমূলক প্রভাব আলোকপাত করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আন্তোনিও গুতেরেস আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন। আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বৈঠক শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলাসহ টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।