হোয়াটসঅ্যাপে ৬ সুবিধা
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে একই আইফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার, ভিন্ন অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে সম্পূর্ণ চ্যাট স্থানান্তর, উন্নত স্টোরেজ ব্যবস্থাপনা ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন টুল। হোয়াটসঅ্যাপে নতুন চালু হওয়া ছয়টি সুবিধা জেনে নেওয়া যাক।
১. একই আইফোনে দুটি অ্যাকাউন্ট ব্যবহার
এখন থেকে একই আইফোনে দুটি ভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এত দিন এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ ছিল। ফলে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আলাদা রাখতে আইফোন ব্যবহারকারীদের দুটি ফোন ব্যবহারের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা কোন অ্যাকাউন্টে সক্রিয় আছেন, তা বোঝার জন্য অ্যাপের নিচের ট্যাবে প্রোফাইল ছবি দেখা যাবে, ফলে চাইলে সহজেই অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে।
২. অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও আইফোনের মধ্যে দ্রুত চ্যাট স্থানান্তর
হোয়াটসঅ্যাপ এখন আইফোন থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে এবং স্মার্টফোন থেকে আইফোনে সম্পূর্ণ চ্যাট স্থানান্তর করা যাবে। এর ফলে ছবি, ভিডিওসহ সব ধরনের কথোপকথন সহজেই নতুন ফোনে স্থানান্তর করা যাবে। এত দিন এই সুবিধা শুধু একই অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ ছিল।
৩. স্টোরেজ ব্যবস্থাপনা
স্টোরেজ ব্যবস্থাপনায়ও আনা হয়েছে পরিবর্তন। এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাট থেকেই বড় আকারের ফাইল শনাক্ত করে মুছে ফেলতে পারবেন। এ জন্য চ্যাটের নামের ওপর ট্যাপ করে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে যেতে হবে। প্রয়োজনে পুরো চ্যাট না মুছে শুধু মিডিয়া ফাইল অপসারণের সুযোগও রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ বার্তাগুলো সহজেই সংরক্ষণ করা যাবে।
৪. স্টিকার সাজেশন
ইমোজি ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ করতে যুক্ত হয়েছে স্টিকার সাজেশনের সুবিধা। ব্যবহারকারীরা ইমোজি টাইপ করলেই স্বয়ংক্রিয়ভাবে প্রাসঙ্গিক স্টিকার দেখতে পাবেন। ফলে এক ট্যাপেই ইমোজির পরিবর্তে উপযুক্ত স্টিকার ব্যবহার করা যাবে।
৫. এআই দিয়ে ছবি সম্পাদনা
ছবি পাঠানোর আগে এখন চ্যাটের মধ্যেই মেটা এআই ব্যবহার করে ছবি সম্পাদনা করা যাবে। এই সুবিধার মাধ্যমে ছবির পটভূমি পরিবর্তন, অপ্রয়োজনীয় উপাদান অপসারণ বা বিভিন্ন সৃজনশীল স্টাইল ব্যবহার করা যাবে। তবে এই সুবিধা ধীরে ধীরে সব যন্ত্রের জন্য উন্মুক্ত করা হবে।
৬. এআই দিয়ে লেখার খসড়া তৈরি
বার্তা লেখার ক্ষেত্রে এআই সহায়তা আরও উন্নত করা হয়েছে। কথোপকথনের পটভূমি বিশ্লেষণ করে সম্ভাব্য উত্তর প্রস্তাব করতে পারবে অ্যাপটি। এর ফলে ব্যবহারকারীরা দ্রুত ও প্রাসঙ্গিক প্রতিক্রিয়া জানাতে পারবেন। একই সঙ্গে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
