দৌলতদিয়ায় বাসডুবি
নেই নিখোঁজ দাবি, পন্টুন সরিয়ে পাওয়া যায়নি কিছু
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে বাসডুবির ঘটনায় আর কোনো নিখোঁজের দাবি না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে যে পন্টুন থেকে বাসটি নদীতে পড়েছে সেটি সরিয়ে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। গতকাল সকাল ১০টার দিকে পন্টুনটি সরিয়ে তল্লাশি চালানো হয়। একই সময়ে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে প্রশাসনের গঠিত দুটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত বুধবার বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। গত শুক্রবার বিকাল পর্যন্ত মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়। গতকাল উদ্ধার অভিযান শেষ করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, ‘সর্বশেষ নিখোঁজ দাবি করা ইটভাটা শ্রমিক রিপনের সন্ধান মিলেছে ঢাকায়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। ফলে বর্তমানে আর কোনো নিখোঁজ ব্যক্তি নেই। এজন্য উদ্ধার অভিযান শেষ করা হয়।’ তিনি জানিয়েছেন, সকাল ১০টার দিকে ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনটি সরিয়ে উদ্ধারকারীরা পুনরায় তল্লাশি চালান। দুপুর ১২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস ও ঘাট এলাকা পরিদর্শন করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, ‘দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্তের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।’
