ভিসা বাতিল, আজহারীকে ফিরতে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়া সরকার ভিসা বাতিল করায় দেশটি থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। অ্যাডলফ হিটলারের প্রশংসা করে পুরোনো একটি বক্তব্যের জন্য তার ভিসা বাতিল হয়েছে বলে অস্ট্রেলিয়া সরকারের সূত্রে জানা গেছে। অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের ক্ষেত্রে একটি মহল প্রভাব খাটিয়েছে বলে দাবি করছেন আজহারী। কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন মিজানুর রহমান আজহারী। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় এসব অনুষ্ঠানে তার বক্তব্য রাখার কথা ছিল। গত মঙ্গলবার হঠাৎ করেই অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ আজহারীর ভিসা বাতিলের সিদ্ধান্ত জানায়। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়। সূত্র জানায়, আজহারীর আগের কিছু বিতর্কিত বক্তব্যের ভিডিও নতুন করে জনসমক্ষে আসায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া একটি বক্তৃতাই আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের কারণ। ওই বক্তৃতায় তিনি অ্যান্টি সেমেটিক কথা বলেছিলেন। তিনি হিটলারের প্রশংসা করেন এবং ইহুদি গণহত্যাকে ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে দেখিয়েছিলেন।
এ ছাড়া বক্তৃতায় ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রমূলক তত্ত্ব প্রচার ও একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য অনুসারীদের উসকানি দেওয়ার বিষয়গুলো অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এলে নিরাপত্তার কারণে মিজানুর রহমান আজহারীর ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়।
অস্ট্রেলিয়ার সিনেটর জনাথন ডুনিয়াম সিনেটে বলেছিলেন, কমিউটিনি গ্রুপগুলোর পক্ষ থেকে মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ায় অবস্থানের বিষয়টি জানিয়ে তাদের সতর্ক করা হয়েছিল।
সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বর্তমানে আজহারীকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাঁকে বিমানে তুলে দেওয়া হবে।
এদিকে মিজানুর রহমান আজহারী বুধবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাঁর ভিসা বাতিল হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ নিয়ে সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশ হয়েছে বলে দাবি করেন তিনি। আজহারী লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন ধরে আমি অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা।’ ‘ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। কারণ, এখনও পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দিইনি।’ ভিসা বাতিলের কারণ নিয়ে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরোনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে।’
ওই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা পাওয়ার কথা জানান আজহারী। আজহারী দাবি করেছেন, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।
