ফোন নম্বর ছাড়াই কল-চ্যাট

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শিগগিরই এমন একটি ফিচার যুক্ত হতে যাচ্ছে, যার মাধ্যমে নিজের ফোন নম্বর শেয়ার না করেই অন্যকে মেসেজ পাঠানো কিংবা অডিও-ভিডিও কল করা সম্ভব হবে।

মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি মূলত একটি ইউজারনেমণ্ডভিত্তিক সিস্টেম চালু করতে যাচ্ছে। বর্তমানে হোয়াটসঅ্যাপে কাউকে খুঁজে পেতে বা যোগাযোগ করতে ফোন নম্বরের প্রয়োজন হয়। তবে নতুন এই ফিচারের ফলে একটি ইউনিক ইউজারনেম এবং আইডির মাধ্যমেই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যাবে। এটি একটি ঐচ্ছিক বা অপশনাল ফিচার হিসেবে থাকবে, অর্থাৎ ব্যবহারকারী চাইলে আগের মতো নম্বর ব্যবহার করে যোগাযোগ চালিয়ে যাওয়ার সুযোগও পাবেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুনের মধ্যে এই ফিচারের একটি ‘বিটা সংস্করণ’ উন্মোচন করা হতে পারে। আর সাধারণ ব্যবহারকারীদের জন্য ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ এর চূড়ান্ত বা স্থিতিশীল (ঝঃধনষব) সংস্করণ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফিচারটি ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং ব্যবসায়িক অ্যাকাউন্ট- উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।

নতুন এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো নিরাপত্তা। সাধারণত আমাদের মোবাইল নম্বরগুলো ব্যাংক অ্যাকাউন্ট বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্ভিসের সঙ্গে যুক্ত থাকে। নম্বর শেয়ার না করার সুবিধা থাকলে স্ক্যামার বা প্রতারকদের হাত থেকে রক্ষা পাওয়া সহজ হবে। এছাড়া বিভিন্ন গ্রুপ বা অপরিচিত ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার সময় নিজের নম্বরটি গোপন রাখা যাবে, যা ব্যবহারকারীর প্রাইভেসি আরও সুসংহত করবে।

ফোন নম্বরের পরিবর্তে একটি অনন্য আইডি বা ইউজারনেম ব্যবহার করা যাবে। ব্যক্তিগত ফোন নম্বর অপরিচিতদের কাছ থেকে লুকিয়ে রাখা সম্ভব হবে। নম্বর গোপন থাকায় ফিশিং বা আর্থিক প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে আসবে। এটি কোনো বাধ্যতামূলক পরিবর্তন নয়; ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী ফিচারটি চালু বা বন্ধ রাখতে পারবেন। মূলত আধুনিক বিশ্বের ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবিলা করতেই মেটা তাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন দূরদর্শী পদক্ষেপ নিতে যাচ্ছে।