জামিন পেলেন জামায়াত কর্মী সাওদা সুমি

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভোলা প্রতিনিধি

ভোলায় আটককৃত জামায়াতে ইসলামীর মহিলা কর্মী বিবি সাওদা (৩৭) ওরফে সাওদা সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক সৌরভ রায় মিঠু এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস সুমন জানান, গত রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের এক বাসা থেকে সন্দেহজনক হিসেবে তাকে (বিবি সাওদা ) আটক করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, মঙ্গলবার সকালে এ মামলার জিয়ারু ও আসামিরপক্ষের আইনজীবীর দীর্ঘ এক ঘণ্টার শুনানির পর অবশেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এদিকে, মধ্যরাতে একজন নারীকর্মীকে গ্রেফতারের এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দলটির পক্ষ থেকে এই গ্রেফতাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও ‘মানবাধিকারের লঙ্ঘন’ হিসেবে দাবি করে সোমবার বিকালে এক সংবাদ সম্মেলন করা হয়। এ সময় তারা আটককৃত তাদের মহিলাকর্মীর নিঃস্বার্থ মুক্তি দাবি করেন। এমনকি এ ধরনের ঘটনাকে ফ্যাসিবাদে উল্লেখ করে বিষয়টিকে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেখানে মত প্রকাশের অভিযোগে কাউকে গ্রেফতার করা গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ। কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই একজন নারী রাজনৈতিক কর্মীকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে জানতে চাইলে ‘ঊর্ধ্বতন নির্দেশের’ কথা বলা হচ্ছে।

এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি কাজী হারুন অর রশিদ জানান, আমরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নারীকর্মীকে ছাড়াতে ব্যর্থ হয়েছি। তারা জানিয়েছেন, ওপরের নির্দেশে তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, তাকে (বিবি সাওদা ) গ্রেফতারের পর সোমবার (৬ এপ্রিল) আদালতে জামিন আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। এদিকে, জামায়াতের মহিলা কর্মী সাওদা সুমিকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।এক বিবৃতিতে তিনি বলেন, ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী সাওদা সুমি সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস প্রদান করায় তাকে পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়, অমানবিক, নিন্দনীয় এবং মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। আমি এই গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার। সরকারবিরোধী মত প্রকাশ করলেই কাউকে গ্রেফতার করা স্বাধীন রাষ্ট্রের গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।