সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চারদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে।
এ সময়ে ইন্টারনেটে ধীরগতিও লক্ষ্য করা যেতে পারে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই-৫-এর কনসোর্টিয়াম কর্তৃক ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এতে বলা হয়, এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট চারদিন দৈনিক ৮ ঘণ্টা সময় ধরে চলমান থাকবে।
এসময়কালে কার্যক্রমটি ট্রাফিক ইফেক্টিং হওয়ায় এসএমডব্লিউ৫ সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে ইন্টারনেট গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি অথবা আংশিক সেবা বিঘেœর সম্মুখীন হতে পারেন। রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকার সময় বিএসসিপিএলসির অন্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেবাদান পূর্বের ন্যায় অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠানটি বলছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যেন নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়।
