শাহজালাল বিমানবন্দর থেকে ১০৬০ ফ্লাইট বাতিল

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্য নিরাপত্তা পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১ হাজার ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল রবিবার পর্যন্ত এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করা হয়।

বেবিচক জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ৩৩৯টি, ১০ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ২৭৫টি, ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২২৬টি, ৩০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১৬০টি এবং ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাকি না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।