হত্যা মামলায় মামুন খালেদ ও আফজাল নাছের ফের রিমান্ডে
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্টন মডেল থানায় বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও ডিজিএফআইয়ের সাবেক বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠানো হয়েছে। গতকাল রোববার তদন্ত কর্মকর্তার দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। আসামি মামুন খালেদের একদিন এবং আফজাল নাছেরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা মতিঝিল বিভাগের স্পেশাল অপারেশন টিমের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন মামুন খালেদের একদিন এবং আফজাল নাছেরের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামিদের পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মামুন খালেদের একদিন এবং আফজাল নাছেরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে চার দফায় তাকে মোট ১৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।
অপরদিকে, গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরবর্তী সময়ে তিন দফায় তাকে ১৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর তৎকালীন সরকারের পতনের এক দফা দাবিতে বিএনপির কর্মসূচির সময় নয়া পল্টন কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সময়ে কার্যালয়ের পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীদের ওপর হামলা হলে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
