
আসন্ন ঈদুল আজহায় রাজধানীবাসীতে অস্থায়ী ২৪টি পশুর হাট বসবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এবছর ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৪টি অস্থায়ী পশুর হাট বসানোর পরিকল্পনা করছে ঢাকার দুই সিটি করপোরেশন। এরই মধ্যে পৃথক ১২টি স্থানে পশুর হাটের ইজারায় দরপত্র আহ্বান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অন্যদিকে আরও ১২টি অস্থায়ী হাট ইজারায় দরপত্র ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এছাড়া ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বিক্রি করা হবে। ঈদের দিনসহ মোট পাঁচদিন হাট বসবে রাজধানীতে।
এদিকে সীমানা জটিলতা ও আবাসিক এলাকার পরিবেশ এবং জনদুর্ভোগ আশঙ্কায় আফতাবনগরে হাট বসবে কি না, তা নিয়ে হিসাব কষছে ডিএসসিসি। কারণ, গত বছর স্থানীয়দের বাধা ও উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারা কার্যক্রম স্থগিত করা হয়। ডিএনসিসি এলাকার পশুর হাট : গত ৯ এপ্রিল ১২টি হাটের নাম উল্লেখ করে দরপত্র আহ্বান করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। হাটগুলো হলো- খিলক্ষেত বাজার সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা (সরকারি মূল্য এক কোটি ৫১ লাখ টাকা), মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ণ হাউজিংয়ের খালি জায়গা (এক কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৮৫৮ টাকা), মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা (৩০ লাখ টাকা), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউ সংলগ্ন খালি জায়গা (এক কোটি ১৩ লাখ ৫ হাজার ৯০০ টাকা), মেরুল বাড্ডা কাঁচাবাজার সংলগ্ন খালি জায়গা (১৪ লাখ টাকা), ২৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজীপাড়ার ইকরা মাদরাসার পাশের খালি জায়গা (১৩ লাখ ৫০ হাজার টাকা)। মোহাম্মদপুরের বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা (এক কোটি ৯৬ লাখ ২০ হাজার ৪৫৬ টাকা), উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা (আট কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৩৩৪ টাকা), ভাটুলিয়া সাহেব আলী মাদরাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা অ্যাভিনিউ সংলগ্ন উত্তরা রানাভোলা স্লুইসগেট পর্যন্ত খালি জায়গা (৮৮ লাখ ২০ হাজার ৭৫০ টাকা), ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বাজার সংলগ্ন রহমাননগর আবাসিক এলাকার খালি জায়গা (১৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা), খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা (৯৩ লাখ ২২ হাজার ৩৩৪ টাকা) ও ভাটারা সুতিতোলা খাল সংলগ্ন খালি জায়গা (তিন কোটি ১২ লাখ ৭৬ হাজার ৬৬৭ টাকা)।
ডিএসসিসি এলাকার পশুর হাট : ঈদুল আজহায় রাজধানীবাসীর কোরবানির পশুর চাহিদা মেটাতে ১২ স্থানে অস্থায়ী হাট বসানোর পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। চলতি সপ্তাহের মধ্যেই এসব হাট ইজারায় বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করা হবে। পরে সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেওয়া হবে। কার্যাদেশপ্রাপ্তরা ঈদুল আজহার দিনসহ মোট পাঁচদিন নির্ধারিত স্থানে কোরবানির পশু বেচাকেনার জন্য হাট বসাতে পারবেন। ডিএসসিসির খসড়া তালিকায় যেসব স্থানে হাটের পরিকল্পনা রয়েছে এর মধ্যে রয়েছে- উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ে খালি জায়গা, দনিয়া কলেজের পূর্ব পাশে ও ছনটেক মহিলা মাদরাসার পূর্ব-পশ্চিমের খালি জায়গা, ধোলাইখালে সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনালের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গা। মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খালপাড়ের খালি জায়গা, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশের খালি জায়গা, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গায় ও কামরাঙ্গীরচর বেরিবাঁধ। তবে এ তালিকা গতকাল রোববার পর্যন্ত চূড়ান্ত কররা হয়নি। এর মধ্যে সংযোজন-বিয়োজন হতে পারে।