স্টোরেজ খালি করবে গুগল
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

স্মার্টফোনে ছবি আর ভিডিওর চাপে মেমোরি ফুল হয়ে যাওয়া এখনকার সময়ের অন্যতম বড় সমস্যা। এই ঝামেলা থেকে মুক্তি দিতে গুগল এক অসাধারণ ‘ম্যাজিক’ ফিচার নিয়ে কাজ করছে। এবার ক্লাউড স্টোরেজের পেছনে টাকা খরচ না করেই সরাসরি আপনার পিসিতে ফোনের ব্যাকআপ রাখা যাবে, তাও আবার ইন্টারনেট ছাড়াই। গুগল প্লে সার্ভিসের লেটেস্ট বিটা ভার্সনে ‘অটোমেটিক ব্যাকআপ’ নামের এই নতুন ফিচারটির দেখা মিলেছে। এটি মূলত গুগলের ‘কুইক শেয়ার’ (Quick Share) ফিচারের একটি উন্নত সংস্করণ হিসেবে কাজ করবে।
ক্লাউড নয়, সরাসরি পিসিতে ব্যাকআপ : সাধারণত ফোনের ব্যাকআপ নিতে গুগল ড্রাইভ বা ক্লাউড ব্যবহার করতে হয়, যেখানে মেমোরি সীমাবদ্ধ থাকে। কিন্তু গুগলের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের ফাইলগুলো সরাসরি নিজেদের কম্পিউটারে ব্যাকআপ রাখতে পারবেন। এর জন্য বাড়তি কোনো স্টোরেজ কেনার প্রয়োজন হবে না।
এটি অত্যন্ত সহজ এবং লোকাল ব্যাকআপ সমাধান হিসেবে কাজ করবে-
স্বয়ংক্রিয় ট্রান্সফার : আপনার স্মার্টফোন থেকে বাছাই করা ফটো বা ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে কপি হয়ে যাবে।
কন্ট্রোল সেন্টার: ইউজাররা কোন ধরনের ফাইল (ক্যামেরা ছবি, ভিডিও বা অডিও) ব্যাকআপ করবেন, তা নিজেই ঠিক করতে পারবেন। প্রয়োজনে এটি চালু বা বন্ধ রাখার জন্য থাকবে ‘On/Off’ টগল।
তাৎক্ষণিক ব্যাকআপ : আপনি চাইলে ‘Back up no’ বাটন চেপে যেকোনো মুহূর্তে সব ডেটা পিসিতে পাঠিয়ে দিতে পারবেন।
ইন্টারনেটের প্রয়োজন নেই : এই ফিচারের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এটি কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করবে। যেহেতু এটি Quick Share প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, তাই ডিভাইস-টু-ডিভাইস সরাসরি ফাইল ট্রান্সফার হবে। তবে নিরাপত্তার খাতিরে ফোন এবং কম্পিউটার- উভয় ডিভাইসেই একই গুগল অ্যাকাউন্ট লগইন থাকা প্রয়োজন হতে পারে।
স্টোরেজ খালি করার নিশ্চিন্ত সমাধান : অনেকেই ভয় পান ফোন থেকে ছবি ডিলিট করলে তা হারিয়ে যাবে কি না। এই ফিচারের মাধ্যমে একবার পিসিতে ফাইল চলে গেলে আপনি নিশ্চিন্তে ফোন থেকে সেগুলো ডিলিট করে দিতে পারবেন। ফলে ফোনের স্টোরেজ থাকবে একদম খালি এবং স্মার্টফোন চলবে দ্রুত গতিতে।
