দুই মাস পর নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রায় দুই মাস বিরতির পর আবারও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংক ১২২ টাকা ৭০ পয়সা দরে ৭০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি সপ্তাহে রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে সর্বোচ্চ ১২২ টাকা ৯০ পয়সা দরে ডলার কেনার জন্য ব্যাংকগুলোকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নিলামে কিছুটা কম দামে ডলার কেনার মাধ্যমে বাজারে বিনিময় হার কমানোর একটি ইঙ্গিত দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, রেমিট্যান্সের দর নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৯০ পয়সা, আর নিলামে ডলার কেনা হয়েছে ১২২ টাকা ৭০ পয়সায়। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাজারকে বার্তা দিতে চাচ্ছে যে ডলারের দর ১২২ টাকা ৭৫ পয়সার আশপাশে স্থিতিশীল থাকবে। বেসরকারি একটি ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বর্তমানে বাজারে ডলারের সরবরাহ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। ডলারের দাম যাতে অযৌক্তিকভাবে না বাড়ে, সে লক্ষ্যেই কেন্দ্রীয় ব্যাংক এই দামে ডলার কিনেছে। তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডলারের দাম নিয়ন্ত্রণে রাখা গেলে আমদানি ব্যয় কমবে, যা মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে।

আরেকটি বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে কিছু ব্যাংক তুলনামূলক বেশি দামে ডলার কিনেছে বলে তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সামনের দিনে ডলারের দর আবার কমে আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের পদক্ষেপ মূলত বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশলের অংশ।